অধিনায়ক পরিবর্তনের কারণ জানাল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) গতকাল দিনের (৮ ফেব্রুয়ারি) প্রথম ম্যাচে মিনিস্টার ঢাকাকে ৩ রানে হারিয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। টুর্নামেন্টে দারুণ শুরু করার পরেও হুট করে ছন্দ হারিয়ে ফেলা চট্টগ্রামের জন্য এই জয়টি ছিল গুরুত্বপূর্ণ।

তবে গতকালের ম্যাচে নতুন অধিনায়ক আফিফ হোসেন ধ্রুবর নেতৃত্ব মাঠে নেমেছিল চট্টগ্রাম। শুরুর দিকে মিরাজের নেতৃত্বে উড়তে থাকা চট্টগ্রাম যেন মাটিতে নেমে আসে নাইমের নেতৃত্বে। দলের বাজে পারফরম্যান্সের পর আজকের ম্যাচে নাইমকে সরিয়ে আফিফের হাতে তুলে দেওয়া হয় অধিনায়কত্ব। বারবার অধিনায়ক পরিবর্তনের কারণ জানিয়েছেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ব্যবস্থাপনা পরিচালক কেএম রিফাতুজ্জামান।

অধিনায়কত্ব পরিবর্তনের কারণ প্রসঙ্গে তিনি জানান,”আসলে অধিনায়ক পরিবর্তন করে যে ফলাফলটা আনতে চেয়েছিলাম সে ফলাফলটা তো পাইনি আমরা। সে জায়গা থেকে সবার সঙ্গে বসে, টিমের সঙ্গে বসে কথা বলেই আবার চিন্তা করলাম যে আমরা নতুন করে যদি ভাবতে পারি, নতুন করে নতুন অধিনায়কের অধীনে যদি টিম স্পিরিটটা আরও ভালো হতে পারে।”

এছাড়া রিফাতুজ্জামান আরও জানান,”মাঝখানে অনেকগুলো ঘটনা ঘটার কারণে টিম স্পিরিট অনেক লো হয়ে গিয়েছিল আসলে। সে জায়গাটা আমরা খুঁজে পাচ্ছিলাম না কয়েকটা ম্যাচ ধরে। ভাগ্যও আমাদের পক্ষে ছিল না। বৃষ্টির দিন ম্যাচটা আমাদের নিয়ন্ত্রণেও ছিল কিন্তু বৃষ্টির পর ম্যাচের ছন্দটা হারিয়ে ফেলি। ফলে সে জায়গা থেকে আমি মনে করি নতুন অধিনায়কের অধীনে, পুরো দল খুব বেশি ভালো স্পিরিটেড। তারা খুব বেশি এনার্জি নিয়ে আবারও আজকে মাঠে সেটা প্রমাণ করেছে যে তারা খুবই ইতিবাচক এবং আজকে খুবই ভালো ফলাফল করেছে। আমি মনে করি আজকে থেকে টিম স্পিরিটটা এরকমই দেখা যাবে, পরবর্তীতে ম্যাচেও আপনারা ইনশাল্লাহ দেখতে পারবেন।”

আগের অধিনায়ক মিরাজের সাথে টিম ম্যানেজমেন্টের কমিউনিকেশন গ্যাপের কারণে অনেক বেশি জল ঘোলা হয়েছিল। তবে এবারে এমন কিছু হয়নি বলে নিশ্চিত করেছেন রিফাতুজ্জামান।

কমিউনিকেশন গ্যাপের ব্যাপারে তিনি বলেন,”কমিউনিকেশন গ্যাপটা এবার আর নেই। কারণ এইবার আমি নিজে এটায় উপস্থিত ছিলাম। কমিউনিকেশন গ্যাপের কোনো জায়গা নেই, গতবারেরটা তো অবশ্যই কমিনিউকেশন গ্যাপ ছিল। সেই গ্যাপটা এবার আমরা আরও বেশি পরিষ্কারভাবে দেখেছি। সর্বশেষ ঘটনা (মিরাজের ঘটনা) থেকেও আমরা শিক্ষা নিয়েছি, কোনোভাবেই যাতে আমরা ওই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না করি। যেখানে ভুল বোঝাবোঝি হতে পারে, ম্যানেজমেন্টের সাথে দলের গ্যাপ হতে পারে। ওইরকম কোনো গ্যাপ যাতে না হয় সেসবকিছু মাথায় রেখেই এবার আমরা (অধিনায়কত্ব পরিবর্তন) করেছি আসলে।”

তাছাড়া নতুন অধিনায়ক হিসেবে আফিফকেই কেন বেছে নেওয়া হয়েছে তাও খোলাসা করেছেন তিনি। মূলত দলের সকলের সম্মতিতেই আফিফকে অধিনায়ক করা হয়েছে বলে তিনি জানান।

আফিফ প্রসঙ্গে কেএম রিফাতুজ্জামান বলেন,”আসলে আফিফকে আমরা সবাই মিলেই (অধিনায়ক হিসেবে) পছন্দ করেছি। আমাদের যারা টিম মেম্বার আছে তারা সবাই যেমন মিরাজ আছে, মিরাজের সাথেও আমরা কথা বলেছি। মিরাজকেও আমরা বলেছি, মিরাজ নিজেও সাজেস্ট করেছেন যে আফিফ দারুণ একজন অধিনায়ক হতে পারে দলের জন্য। সবাই মিলেই বলতে পারেন, অনেকজন মিলেই আমরা কথা বলেছি। আমাদের আইকন প্লেয়ার নাসুম (আহমেদ), নাসুমও ছিল প্রেফার করছিল (আফিফকে)। সব মিলিয়ে বলতে পারেন যে সেই জায়গাটা থেকে আমরা আবারও একটু ভিন্ন অধিনায়কত্বে আরেকটু দেখতে চাচ্ছিলাম দলটি কীভাবে মাঠে খেলে।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »