নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
সম্প্রতি শেষ হয়েছে অ্যাশেজ, অ্যাশেজে ইংল্যান্ডের ব্যর্থতার কারণে বরখাস্ত করা হয়েছে প্রধান কোচ ক্রিস সিলভারউডকে। আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজের জন্য ইংল্যান্ড দলের অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব দেওয়া হয়েছে সাবেক ইংলিশ ক্রিকেটার কলিংউডকে।
মার্চে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ক্যারিবীয় দ্বীপপুঞ্জে যাচ্ছে ইংল্যান্ড। এই সিরিজে ইংল্যান্ড দলের হেড কোচের দায়িত্বে থাকবেন সাবেক ইংলিশ অলরাউন্ডারের পল কলিংউড।এর আগে ইংল্যান্ড দলের সহকারী কোচের দায়িত্বে ছিলেন কলিংউড।অ্যাশেজ ব্যর্থতার জেরে চাকরিচুত্য হয়েছেন ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের ম্যানেজিং ডিরেক্টর অ্যাশলে জাইলস। তার জায়গায় অন্তর্বর্তীকালীন দায়িত্ব পেয়েছেন সাবেক ইংলিশ অধিনায়ক অ্যান্ডু স্ট্রাউস।
গত মাসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩-২ ব্যবধানে হারা টি-টোয়েন্টি সিরিজে সিলভারউডের অবর্তমানে ভারপ্রাপ্ত কোচের দায়িত্বও সামলেছেন তিনি। এবার সেই দেশে সফরে যাচ্ছেন প্রধান কোচ হিসেবে।
দায়িত্ব পেয়ে কলিংউড বলেছেন, ‘ক্যারিবিয়ান সফরের জন্য টেস্ট দলকে সামনে এগিয়ে নেওয়ার দায়িত্ব পেয়ে সত্যিই উত্তেজিত আমি। শুরু করতে তর সইছে না আমার। অ্যাশেজে হতাশার পরপর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের চ্যালেঞ্জ আমাদের পুনর্গঠনের সুযোগ দিচ্ছে।’
ইংল্যান্ডের ক্রিকেটে পরিবর্তনের হাওয়া লাগলেও স্ট্রাউস গত সপ্তাহে জানিয়েছেন টেস্ট অধিনায়ক হিসেবে বহাল থাকছেন জো রুট। ক্যারিবীয় সফরকে সামনে রেখে সোমবারই দল ঘোষণার কথা রয়েছে ইংল্যান্ডের।
