বাংলাদেশের ‘কঠিন’ কন্ডিশনে খেলে শিখতে চান মঈন

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

ব্যাটসম্যানদের জন্য সম্প্রতি মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম কঠিন হয়ে গিয়েছে রান তোলার জন্য। চলমান বিপিএলেও চট্টগ্রামে যেখানে ছিল রানের ফোয়ারা, মিরপুরে ছিল স্পিনারদের রাজত্ব। এমন কঠিন কন্ডিশনে খেলে নিজের ব্যাটিংয়ের উন্নতি ঘটাতে চান ইংল্যান্ডের অলরাউন্ডার মঈন আলী।

সিলেট পর্বের প্রথম দিন ফরচুন বরিশালের মোকাবেলা করবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তার আগে রবিবার সাংবাদিকদের মুখোমুখি হন মঈন। ১১ বছর আগেও বিপিএল খেলতে বাংলাদেশে এসেছিলেন এ অলরাউন্ডার। সময়ের সাথে বিপিএলের মান আরও বেড়েছে বলে মনে করেন তিনি।

মঈন বলেন,”আমার চোখে ১১ বছর আগের থেকে এখন বিপিএলে অনেক পেশাদারিত্ব এসেছে। দলগুলো পেশাদার হয়েছে। ভালো দল গঠন হচ্ছে। মানও বাড়ছে।”

বিপিএল খেলার ফলে ভবিষ্যতে আন্তর্জাতিক ক্রিকেট খেলতে বাংলাদেশে আসলে কাজটা সহজ হবে বলে বিশ্বাস তার।

তিনি বলেন,”অবশ্যই প্রতিযোগিতামূলক ক্রিকেট হচ্ছে। এখানে ভালো স্পিনার আছে, ভালো ব্যাটসম্যান আছে। এখানে পারফর্ম করা সহজ নয়, বেশ কঠিন। আমি মনে করি এটা ব্যাটসম্যানদের জন্য অন্যতম কঠিন জায়গা। তবে এখানে অনেক কিছু শেখার আছে। আপনি এখানে ভালো খেলতে পারলে যেকোনো জায়গায় ভালো খেলতে পারবেন। আমার বাংলাদেশে আসার এটি একটি কারণ যে আমি যখন ইংল্যান্ডের হয়ে আসব তখন যেন কন্ডিশন আমার চেনা থাকে।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »