নিয়মিত ‘ওপরেই’ ব্যাট করবেন সাকিব

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

বিপিএল শুরুর কয়েকটি ম্যাচে রানের দেখা না পেলেও শেষ দুই ম্যাচে রানে ফিরেছেন সাকিব আল হাসান। ফরচুন বরিশালের মেন্টর নাজমুল আবেদিন ফাহিম জানালেন এখন থেকে নিয়মিত ওপরেই খেলবেন সাকিব।

চলমান বিপিএলের প্রথম কয়েকটি ম্যাচেও তিনে ব্যাট করেছিলেন তিনি। তবে রানের দেখা পাননি সাকিব। পরবর্তীতে এই কারণে নিজের ব্যাটিং পজিশন বদলও করতে দেখা যায় তাকে। তবে শেষ দুটো ম্যাচে আবারও ব্যাটিং পজিশন ফের পরিবর্তন করা হয়েছে সাকিবের। আর এতেই ব্যাট হাতে সাফল্য পেয়েছেন। নাজমুল আবেদিন ফাহিম জানিয়েছেন, এখন থেকে নিয়মিত ওপরেই ব্যাট করবেন সাকিব।

তিনি বলেন,”একটা ম্যাচে সাতে ব্যাট করেছে। তবে এখন থেকে ধারাবাহিকভাবে ওপরেই খেলবে। একটু বেটার খেলছে। তাঁকে আগের চেয়ে আত্মবিশ্বাসী মনে হচ্ছে এবং ব্যাটিংটা উপভোগ করছে। আমার বোধহয় ওকে এখন ওপরেই দেখতে পারব বিশেষ করে বেশ কিছু ওভার বাকি থাকতেই।”

বিপিএলের শেষ দুটো ম্যাচে পরিবর্তন দেখা গিয়েছে সাকিবের ব্যাটিংয়ে। দ্রুত গতিতে খেলার পাশাপাশি বড় রানও করেছেন তিনি। পরামর্শক ফাহিমের আশা ইনিংসগুলো বড় করবেন ফরচুন বরিশালের অধিনায়ক সাকিব।

তিনি বলেন,“টি-টোয়েন্টিতে বিগ হিটিংয়ের যে ব্যাপারটা ঐখানে আটকে গিয়েছিল। তবে গত দুটো ম্যাচে দেখলাম ভালো করেছে এবং এসব নিয়ে আমরা কাজ করছি। সে-ও পরিশ্রম করছে। আমার মনে হয় ঐখান থেকে যদি ওভারকাম করতে পারে, যখন প্রয়োজন হবে লুজ বলে একটা ছয় মেরে দেওয়ার যে ব্যাপারটা তা যখন আশ্বস্ত হবে তখন খেলাটা বদলে যাবে। ও খুব আত্মবিশ্বাস নিয়ে খেলবে। বড় ইনিংস খেলতে পারবে। আমি আশা করছি ৭০-৮০-৯০ রানের বড় ইনিংস খেলতে পারবে। দেখা যাক সামনের ম্যাচে কী হয়।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »