নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বিশ্বের প্রথম দল হিসেবে আগামীকাল ওয়ানডে ক্রিকেটে ১ হাজারতম ম্যাচ খেলতে নামছে ভারত।
নিজ মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটি হতে যাচ্ছে ভারতের ক্রিকেট ইতিহাসে মাইলফলক স্পর্শ করা হাজারতম ম্যাচ। আর এ ম্যাচ দিয়ে ওয়ানডেতে পাকাপাকিভাবে অধিনায়ক হিসেবে পথচলা শুরু হচ্ছে রোহিত শর্মার। তাই সব দিক দিয়েই ভারতের জন্য এটি ঐতিহাসিক ওয়ানডে ম্যাচ ।
আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর ২ টায় শুরু হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি।
১৯৭১ সালের ৫ জানুয়ারি মেলবোর্নে প্রথম আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হয়। সেই ম্যাচে মুখোমুখি হয়েছিলো স্বাগতিক অস্ট্রেলিয়া ও সফরকারী ইংল্যান্ড। ম্যাচটি ৫ উইকেটে জিতেছিলো অজিরা।
এরপর আজ পর্যন্ত ৮৭০১টি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে ভারত খেলেছে সর্বোচ্চ ৯৯৯টি ওয়ানডে। যার মধ্যে ভারতের জয় ৫১৮টি, হার ৪৩২টি, ৯টি টাই এবং ৪১টি ম্যাচ পরিত্যক্ত হয়।
১৯৭৪ সালের ১৩ জুলাই লিডসে ইংল্যান্ডের বিপক্ষে নিজেদের ইতিহাসে প্রথম ওয়ানডে খেলতে নামে ভারত। এরপর ২০০২ সালে ৫০০তম ওয়ানডে ম্যাচ খেলে তারা। আর দুই দশক পর ওয়ানডেতে ১ হাজার ম্যাচ খেলতে যাচ্ছে টিম ইন্ডিয়া।
কাল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টস করতে নামলে ইতিহাসের প্রথম দল হিসেবে ওয়ানডেতে ১ হাজার ম্যাচ খেলার গৌরব অর্জন করবে ভারত। বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ ৯৫৮টি ওয়ানডে খেলেছে অস্ট্রেলিয়া।
দেশের মত ব্যক্তিগতভাবে কালকের ম্যাচটি স্মরনীয় রোহিতের জন্যও। কারণ এ ম্যাচ দিয়ে পাকাপাকিভাবে ওয়ানডেতে অধিনায়ক করতে নামবেন তিনি। ওয়ানডেতে অধিনায়ক হিসেবে এর আগেও দায়িত্ব পালন করেছেন রোহিত। তবে নিয়মিত অধিনায়কদের অনুপস্থিতিতে। ১০ ম্যাচে নেতৃত্ব দিয়ে ৮ জয় ও ২ হার রোহিতের।
সর্বশেষ দক্ষিণ আফ্রিকা সিরিজেই প্রথমবারের মত পাকাপাকিভাবে দলকে নেতৃত্ব দেয়ার কথা ছিলো রোহিতের। কিন্তু হ্যামস্ট্রিং ইনজুরির কারনে দক্ষিণ আফ্রিকা সিরিজে খেলতে পারেননি তিনি।
সম্প্রতি ভারত শিবিরে করোনা থাবা হেনেছে । চার ক্রিকেটার শিখর ধাওয়ান, শ্রেয়স আইয়ার, নবদীপ সাইনি ও ঋতুরাজ গায়কোয়াড়ের করোনা পজিটিভ হয়। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) নিশ্চিত করেছে, এরা তিনজন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলতে পারবেন না।
তাই তড়িঘড়ি করে দুইজন ওপেনার ইশান কিশানের সাথে মায়াঙ্ক আগারওয়ালকে দলে যুক্ত করেছে ভারত। কিন্তু ওপেনার রোহিতের সাথে ইনিংস শুরু করবেন ইশান কিশান, এমনটাই নিজেই জানিয়েছেন দলনেতা।
ভারতীয় বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে (পিটিআই) রোহিত বলেন, ‘আমাদের ওপেনার হিসেবে ইশান কিশানই আছেন এবং সে আমার সঙ্গে ইনিংস শুরু করবেন। দুই স্পিনার কুলদীপ যাদব ও যুবেন্দ্র চাহাল একাদশে থাকবেন।
গেল মাসেই সর্বশেষ ওয়ানডে সিরিজ খেলেছে ভারত। দক্ষিণ আফ্রিকার মাটিতে ঐ সিরিজ ৩-০ ব্যবধানে হারে টিম ইন্ডিয়া। তবে ঘরের মাঠে সবসময় বিধ্বংসী দল ভারত। আর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভারতের রেকর্ডও খুব ভালো। ২০০৬ সালের পর ওয়েস্ট ইন্ডিজের কাছে কোন সিরিজ হারেনি ভারত।
২০১৯ সালের ডিসেম্বরে সর্বশেষ দ্বিপাক্ষীক সিরিজ খেলে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ। ঘরের মাঠে হওয়া ঐ সিরিজটি ২-১ ব্যবধানে জিতেছিলো টিম ইন্ডিয়া।
ভারত-রোহিতের পাশাপাশি স্পট লাইটে থাকবেন দলের সেরা ব্যাটার ও সাবেক অধিনায়ক বিরাট কোহলি। ২০১৯ সালের নভেম্বর থেকে আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরি নেই কোহলির।
এ দিকে গেল মাসে সর্বশেষ ওয়ানডে খেলে ওয়েস্ট ইন্ডিজ। ঘরের মাঠে আয়ারল্যান্ডের কাছে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে হেরেছিলো ক্যারিবীয়রা। তবে ইতোমধ্যে আয়ারল্যান্ডের কাছে সিরিজ হারের ক্ষত কাটিয়ে উঠেছে ওয়েস্ট ইন্ডিজ। সদ্যই ঘরের মাঠে দুর্দান্ত নৈপুন্যে ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ৩-২ ব্যবধানে জিতে ক্যারিবীয়রা।
এখন পর্যন্ত ভারত-ওয়েস্ট ইন্ডিজ ১৩৩টি ওয়ানডেতে মুখোমুখি হয়েছে। ভারতের জয় ৬৪টি, ওয়েস্ট ইন্ডিজের ৬৩টি। ২টি ম্যাচ টাই ও ৪টি পরিত্যক্ত হয়।
