নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
সদ্য সমাপ্ত অ্যাশেজে অস্ট্রেলিয়ার সামনে নাকানিচুবানি খেয়েছে ইংল্যান্ড। ফলশ্রুতিতে সিডনি টেস্ট ড্র করলেও ৪-০ ব্যবধানে সিরিজ হারতে হয়েছে জো রুটের দলকে। আর এমন হারের জন্য সরে দাঁড়িয়েছেন জাইলস।
এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ইসিবি। অসাধারণ অবদানের জন্য তাকে ধন্যবাদ দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০১৮ সালে অ্যান্ড্রু স্ট্রসের বদলি হিসেবে ম্যানেজিং ডিরেক্টর হিসেবে দায়িত্ব নিয়েছিলেন জাইলস। সর্বশেষ তিন বছরে তার অধীনে দারুণ সাফল্য পেয়েছে ইংল্যান্ড। ২০১৯ সালে প্রথমবারের মতো বিশ্বকাপ শিরোপা উঁচিয়ে ধরে ইয়ন মরগানের দল।
২৪ বছর পর যুব বিশ্বকাপের ফাইনালে উঠেছে ইংল্যান্ড। এমন অবদানের জন্য জাইলসকে ধন্যবাদ দিয়েছেন ইসিবির প্রধান নির্বাহী টম হ্যারিসন।
সেই সঙ্গে জাইলসের সিদ্ধান্ত জানিয়েছেন ইসিবির প্রধান নির্বাহী। এক বিবৃতিতে হ্যারিসন বলেন,”গত তিন বছরে ইংল্যান্ডের পুরুষ ক্রিকেটে অ্যাশলের অঙ্গীকার এবং অবদানের জন্য আমি তার কাছে অত্যন্ত কৃতজ্ঞ।”
কঠিন সময়ে ক্রিকেটারদের মতো বেগ পেতে হয়েছে জাইলসকেও। তবে এমন পরিস্থিতিও নিজেদের অর্জন নিয়ে খুশি জাইলস। সেই সঙ্গে ইংল্যান্ডের ভবিষ্যত নিরাপদেই রয়েছে বলে মনে করেন তিনি।
এ প্রসঙ্গে জাইলস বলেন,”গত কয়েক বছর আমার জন্য অবিশ্বাস্যভাবে চ্যালেঞ্জিং ছিল। সবচেয়ে কঠিন পরিস্থিতিতে আমরা যা দিতে পেরেছি তার জন্য আমি গর্বিত। এটি নিঃসন্দেহে ইংল্যান্ড এবং ওয়েলসের খেলার ভবিষ্যতকে নিরাপদে রেখেছে। এই চ্যালেঞ্জগুলোর পরও গত তিন বছরে আমরা বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছি, বিশ্বের সেরা টি-টোয়েন্টি দল হয়েছি। ২৪ বছরে এই প্রথম আমাদের যুবারা প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে পৌঁছেছে। আমি আমাদের সকল খেলোয়াড় এবং কর্মীদের ভবিষ্যতের জন্য মহান সাফল্য কামনা করি।”
