নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ৮ম আসরের ১৭তম ম্যাচে, আজ (বৃহস্পতিবার) দিনের প্রথম খেলায়, হোম অফ ক্রিকেট মিরপুরের শেরে-বাংলায় মুখোমুখি হয়েছে খুলনা টাইগার্স ও সিলেট সানরাইজার্স।
দুই ওপেনার আন্দ্রে ফ্লেচার ও সৌম্য সরকারের উড়ন্ত সূচনায় উক্ত ম্যাচে,সিলেট সানরাইজার্সকে
৯ উইকেটের বিশাল ব্যবধানে পরাজিত করেছে খুলনা টাইগার্স।
মিরপুরে দিনের প্রথম খেলায় সিলেট সানরাইজার্সের বিপক্ষে টসে জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন খুলনার কাপ্তান মুশফিকুর রহিম। টসে হেরে আগে ব্যাট করতে নেমে
মোহাম্মদ মিথুনের দুর্দান্ত ব্যাটিংয়ের কল্যাণে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৪২ রানের পূঁজি দাঁড় করায় সিলেট। সিলেটের হয়ে দলীয় সর্বোচ্চ ৭২ রান আসে মিথুনের ব্যাট থেকে।
এছাড়া অধিনায়ক মোসাদ্দেকের ব্যাটে চড়ে আসে আরো ৩৪ রান। মিথুন-মোসাদ্দেক ব্যাতিত বলার মতো আর কোন সংগ্রহ নেই সিলেটের অন্য কোন ব্যাটসম্যানের। যার ফলে, ১৪২ রানেই থামে সিলেটের ইনিংস।
খুলনার হয়ে বল হাতে খালেদ আহম্মেদের শিকার ২ উইকেট। এছাড়া নাবিল সামাদ, কামরুল ইসলাম রাব্বি ও সৌম্য সরকার নেন একটি করে উইকেট।
জয়ের জন্য ১৪৩ রানের জবাবে ব্যাট করতে নেমে খুলনার দুই ওপেনার আন্দ্রে ফ্লেচার ও সৌম্য সরকারের উড়ন্ত উদ্বোধনী জুটির কল্যাণে ৩৪ বল ও ৯ হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় খুলনা। উদ্বোধনী জুটিতে এই দুই ওপেনার স্কোরবোর্ডে যোগ করে ৯৯ রান।
৩১ বলে ৪৩ রান করে সৌম্য ফিরে গেলেও ৪৭ বলে ৫ চার ও ৫ ছক্কায় অপরাজিত ৭১ রানের বিধ্বংসী ইনিংস খেলে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন ক্যারিবিয়ান ওপেনার আন্দ্রে ফ্লেচার। এছাড়া শেষদিকে ৯ বলে ৩ চার ও এক ছক্কায় অপরাজিত ২১ রানের ইনিংস খেলে দলের জয়ে ভূমিকা রাখেন লঙ্কান অলরাউন্ডার থিসারা পেরেরা। যার ফলে, টপ অর্ডারের ব্যাটসম্যানদের দাপুটে দিনে খুলনা জয় পেয়েছে ৯ উইকেটে।
