নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠতে শেষ ১০ বলে ২০ রান প্রয়োজন ছিল অস্ট্রেলিয়ার। শাহীন শাহ আফ্রিদির বলে তুলে মারতে গিয়ে মিড উইকেটে দাঁড়িয়ে থাকা হাসান আলীর হাতে ক্যাচ তুলে দেন ম্যাথু ওয়েড। তবে সেই সুযোগ লুফে নিতে পারেননি হাসান। জীবন পেয়ে আফ্রিদির পরের তিন বলে তিন ছক্কা মেরে অস্ট্রেলিয়াকে ফাইনালে তুলেন উইকেটরক্ষক ব্যাটার ম্যাথু ওয়েড।
হাসানের সেই ভুলে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল থেকে ছিটকে যয় পাকিস্তান। ওয়েডের ক্যাচ মিস করার কারণ কয়েক রাত ঘুমাতে পারেননি ডানহাতি পেসার হাসান আলী। সেই সঙ্গে হাসান জানিয়েছেন, ক্যাচ মিসের ঘটনা তিনি কখনও ভুলবেন না।
এ প্রসঙ্গে হাসান বলেন,”এটা আমার ক্যারিয়ারের কঠিন মুহুর্ত যেটা কখনোই ভুলে যাওয়া সম্ভব না। এখনও কাউকে বলা হয়নি, আমি ওই ঘটনার পর দুদিন ঘুমাতে পারিনি। আমার স্ত্রী পাশেই ছিল। কিন্তু আমাকে দেখে সে ভীত সন্ত্রস্ত হয়ে গিয়েছিল। কারণ আমি ঘুমাতে পারছিলাম না। ক্যাচটা ছেড়ে আমি পাশেই বসে ছিলাম। আমার চোখে বারবার ক্যাচটা ভেসে আসছিল। সেখান থেকে আমরা বাংলাদেশে গিয়েছিলাম। নিজেকে শান্ত করে বোঝানোর চেষ্টা করি, ওই ঘটনা ভুলে আমাকে এগিয়ে যেতে হবে।”
সেদিন হাসান ক্যাচ না ছাড়লে হয়তো ভিন্ন হতে পারতো সেমিফাইনালের ফলাফল। ক্যাচ ছাড়লেও পুরোটা সময় সতীর্থরা পাশে ছিলেন বলে জানিয়েছেন হাসান। সেই ম্যাচের পর শাহীন শাহ আফ্রিদি ও তিনি মিলে কান্না করেছিলেন বলেও জানান।
হাসান বলেন,’‘আমার সব সতীর্থরা জানতো আমি ম্যাচটা কতটা গুরুত্বর সঙ্গে নিয়েছিলাম। আমি সব সময় প্রস্তুতিতে শতভাগ উজার করে দেই যেন পাকিস্তানের হয়ে পারফর্ম করতে পারি। আমি ম্যাচের পর কাঁদছিলাম। শাহীনও কাঁদছিল। আমাদের দুজনের জন্য ওই সময়টা খুব আবেগপ্রবণ ছিল। শোয়েব ভাই (মালিক) আমার কাছে এসে বলেছিল, তুমি আমাদের অস্ত্র। তোমার হারলে চলবে না। পাশাপাশি আমি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সহযোগিতা পেয়েছি। প্রত্যেকে আমার দুঃখ বোঝার চেষ্টা করেছিল।”
