নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
টানা জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে জায়গা পেলেও ব্যাট হাতে ভুগছে ফরচুন বরিশাল। আর এ বিষয়টি ভাবিয়ে তুলেছে দলটির প্রধান কোচ খালেদ মাহমুদ সুজনকে। ৬ ম্যাচে ৪ জয় পেলেও তাই ব্যাটিং ইউনিটের পারফরম্যান্সে হতাশ তিনি।
চট্টগ্রামের মত উইকেটেও বরিশাল প্রত্যাশা অনুযায়ী রান তুলতে পারেনি। ভালো পিচে অনেকটাই পিছিয়ে দলটির ব্যাটিং ইউনিট।
সুজন অকপটে স্বীকার করেছেন, ৪ জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকার মূল কৃতিত্ব বোলারদের। তিনি বলেন,’‘ব্যাটারদের ব্যাটে রান আসছে না। এখনও যে রান হচ্ছে তা না। এখনও আমি ব্যাটিং নিয়ে খুশি নই। চারটা ম্যাচ বোলাররাই জিতিয়েছে। অন্যান্য দল শেষ ৩-৪ ওভারে অনেক রান করছে, সেখানে আমরা রানই করতে পারছি না। আজকেও আমরা ৩ বা ৪ ওভারে ৬ উইকেট হারালাম। এটা অনেক কষ্টের।”
চট্টগ্রামের উইকেটে সুযোগ ছিল রানের পাহাড় গড়ার। ছোট পুঁজি নিয়েই জয় এসেছে বোলারদের কৃতিত্বে। তবে ব্যাট হাতে ব্যর্থতা আড়াল করার কোনো সুযোগ নেই।
সুজন বলেন,”একটা ভালো শুরুর পরও যেখানে ১৭০ করার কথা সেখানে ১৪০ করছি। এটা আমাদের জন্য উদ্বেগজনক। পাওয়ারপ্লেতেও ওরকমভাবে রান করতে পারছি না। শেষদিকেও রান নিতে পারছি না। এই দুইটা জায়গায় খুব সমস্যা হচ্ছে।”
ওপেনিং জুটি নিয়ে বেশ কিছু পরীক্ষানিরীক্ষা চালাতে দেখা গেছে বা যাচ্ছে বরিশালকে। কেন এমন পরীক্ষানিরীক্ষা, সেই কারণও খোলাসা করলেন সুজন।
তিনি বলেন,”এখনও ওপেনিং জুটি ঠিক করতে পারিনি। দিনের খেলায় লিনটটকে খেলানো ভালো হবে ভেবেছিলাম, রাতের খেলায় ব্রাভোকে ওপেনিংয়ে নিয়েছি। আজকে জেনুইন ওপেনার মুনিম শাহরিয়ারকে সুযোগ দিয়েছি। যেভাবে আউট হয়েছে এটা দুর্ভাগ্য। তবে এই ছেলে পারবে, আমি খুবই আশাবাদী।”
