নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) এবারের আসরের জন্য হার্দিক পান্ডিয়াকে দলে ভিড়িয়েছে আহমেদাবাদ ফ্র্যাঞ্চাইজি। একইসঙ্গে দলটির নেতৃত্ব ভারও দেয়া হয়েছে তার কাঁধে। আর অধিনায়কের দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত এই পেস বোলিং অলরাউন্ডার।
তিনি বলেছেন, তার দলে অধিনায়ক একজন হলেও প্রত্যেক সদস্যই নিজ নিজ জায়গায় নেতার ভূমিকা পালন করবে। আগামী ১২ ও ১৩ ফেব্রুয়ারি বেঙ্গালুরুতে অনুষ্ঠিত হবে আইপিএলের মেগা নিলাম। আর নিলামের আগে ১৫ কোটি রুপিতে হার্দিককে দলে ভিড়িয়েছে আহমেদাবাদ। এর আগে আইপিএলে নেতৃত্ব দেয়ার অভিজ্ঞতা নেই হার্দিকের। তাই অধিনায়ক হিসেবে এবারের মৌসুমে অভিষেক হতে যাচ্ছে তার।
হার্দিক বলেন,”আমি সবসময় বিশ্বাস করেছি যে, আপনি বিভিন্ন উপায়ে নেতৃত্ব দিতে পারেন। আমার দলে আমিই অধিনায়ক হবো কিন্তু বাকি সবাই তাদের নিজ নিজ জায়গায় নেতা হবে। আমাকে যে সুযোগ বা দায়িত্ব দেয়া হয়েছে, আমি সবসময় তা পালন করার এবং নতুন কিছু শেখার চেষ্টা করেছি। এখন আমার কাছে সুযোগ আছে, আমার এই সমস্ত অভিজ্ঞতা কাজে লাগানোর চেষ্টা করব।”
হার্দিকের চাওয়া, দলের সবাই এক হয়ে খেলবে এবং দলকে এক সুতোয় গাঁথার জন্য তিনি নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবেন। দলের সদস্যদের প্রয়োজনে তাদের সময় দিতে প্রস্তুত থাকবেন এই পেস বোলিং অলরাউন্ডার।
তিনি বলেন,”আমি এমন একজন মানুষ, যে দায়িত্ব নিতে পছন্দ করে। আমি নিশ্চিত করব যে, আমার দলের সবাই এক হয়ে খেলবে। এটা আমি বছরের পর বছর ধরে শিখে আসছি, তারা আমার কাছ থেকে এটা পাবে। আমি নিশ্চিত করব যে, আমি ক্রিকেটারদের যথেষ্ট সময় দিচ্ছি। তাদের জন্য সমসময় আমার দরজা খোলা থাকবে। অধিনায়কত্বের জন্য তেমন কোনো প্রস্তুতি নেই, কিন্তু আমি এটার জন্য অপেক্ষা করছি এবং মানসিকভাবে সবসময় প্রস্তুত ছিলাম।”
