নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
টি-টোয়েন্টি ক্রিকেটে তামিম ইকবাল নেই অনেক দিন। তিনি জানিয়ে দিয়েছেন, অন্তত আগামী ৬ মাস টি-টোয়েন্টি দলে থাকবেনও না। তামিমের না থাকার বিষয়টি স্পষ্ট হওয়ায় দায়িত্ব বেড়েছে নাঈম শেখদের মত তরুণদের, যারা গত দুই বছর ধরে টি-টোয়েন্টি দলের টপ অর্ডারের দায়িত্বে।
তবে চলতি বিপিএলে নাঈমের ব্যাটে রান নেই। খেলতে পারছেন না ছন্দ মত, তাই মিনিস্টার ঢাকার ব্যাটিং অর্ডারেও হয়েছে অবনতি। বিষয়টি ভাবিয়ে তুলেছে জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুকে।
তিনি বলেন,’‘ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে ম্যানেজমেন্ট যেভাবে কম্বিনেশন সাজায়… এটা তাদের ব্যাপার। এটা নিয়ে আমরা হস্তক্ষেপ করতে পারব না। যেহেতু টপ অর্ডারে খেলছে না এটা একটা চিন্তার বিষয়। পরবর্তী রাউন্ডগুলোতে দেখতে হবে ওরা কেমন করছে, কীভাবে ফ্র্যাঞ্চাইজিগুলো ওদের খেলাচ্ছে।”
বোর্ড থেকে তামিমকে সিদ্ধান্ত পরিবর্তনের জন্য আপ্রাণ চেষ্টাও করা হচ্ছে। তবে নান্নুর মতে, তামিমের ব্যক্তিগত সম্মান জানানো উচিৎ।
তিনি বলেন,’‘যেকোনো ক্রিকেটাররের ব্যক্তিগত সিদ্ধান্তকে আমাদের সম্মান করতেই হবে। তারা বুঝেশুনেই তো সিদ্ধান্তটা নিয়েছে। তো আলোচনা চলছে, দেখা যাক।”
তামিম না থাকায় নির্বাচকরা এখন নাঈমদের ওপরই জোর দিচ্ছেন। ভাবনায় আছেন বিপিএলে ভালো করা অন্য তরুণ ওপেনাররাও।
নান্নু বলেন,’‘প্রেজেন্ট যেটা আছে এটা নিয়ে আপনার চিন্তাভাবনা করতে হবে। এই মুহুর্তে যে সেরা আছে ওকে সুযোগ দিতে হবে। বর্তমানে যাকে আমরা সামনে পাব ওকে নিয়েই আমরা চিন্তাভাবনা করছি।”
