সাকিবের ক্রিকেট জ্ঞানে মুগ্ধ সুজন

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

 

সাকিব আল হাসান বাংলাদেশ ক্রিকেটের সব থেকে বড় বিজ্ঞাপন, বিশ্বসেরা অলরাউন্ডার। ব্যাট বল হাতে তার পারফরমেন্সের সুনাম বরাবরই শোনা যায় ক্রিকেট বিশেষজ্ঞদের মুখে, তবে শুধু তার পারফরমেন্স নয় ক্রিকেট জ্ঞান ও অধিনায়কত্ব নিয়েও প্রশংসায় ভাসেন তিনি। এবার তার অধিনায়কত্বের প্রশংসায় সামিল হলেন খালেদ মাহমুদ সুজন।

বিপিএলের ঢাকা পর্ব ব্যাট হতে সাকিব ছিলেন নিরব, তবে চট্টগ্রাম পর্বে এসে ব্যাট বল হাতে আগুন জ্বালানিয়া পারফরমেন্স করে দুই ম্যাচেই ম্যাচসেরা পুরস্কার জিতে নিয়েছেন এই অলরাউন্ডার । এর পেছনে সাকিবের ক্রিকেটীয় মেধার ভূমিকা কতটা, তা কাছ থেকে দেখেছেন কোচ সুজন। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে দারুণ জয়ের পর সংবাদ সম্মেলনে এসে সুজন প্রশংসায় ভাসালেন শিষ্য সাকিবকে।

সুজন বলেন, ‘সাকিব এমন একটা খেলোয়াড় যে নিজের ক্রিকেটটা খুব ভালো বোঝে। কখনও ও অনুশীলনই করবে না, যখন মনে হবে দরকার তখন দেড়-দুই ঘণ্টাও ব্যাটিং করেছে। এবারও চট্টগ্রামে এসে একটা দিন পুরো দেড় ঘণ্টার মত ব্যাটিং করেছে। ব্যাটিং করে ক্লান্ত হয়ে গিয়েছিল। তখন আমাকে বলেছে- আমার কিছু হিটিং দরকার, ট্রেনিং কম হয়েছে।’

ক্রিকেট নিয়ে সাকিবের এই বোধ আর চর্চাই মূলত মুগ্ধ করে সুজনকে। তিনি বলেন, ‘ও খেলাটা নিয়ে অনেক চিন্তা করে। গ্রেট ব্রেইন, গ্রেট নলেজ। ও ক্রিকেটটা এত ভালো বোঝে। ওর বোলিং নিয়ে ওর কোনো সংশয় নেই। ব্যাটিং নিয়ে মাঝেমাঝে সংশয় হয়, যখন নিয়মিত ট্রেনিংয়ে থাকে না। কিন্তু একদিন ব্যাটিং করার পরই আত্মবিশ্বাসী হয়ে ওঠে।’

সুজন আরো বলেন, ‘তার ব্যাটিং এপ্রোচ, লিডারশিপ এসবে আমি খুবই খুশি। দলে অনেক তরুণ আছে, ওকেই বোলিং ব্যাটিং সবখানে দায়িত্ব নিতে হচ্ছে। যেভাবে দলকে নেতৃত্ব দিচ্ছে, অবিশ্বাস্য। প্রত্যেক কোচ তার মত একজন অধিনায়ক চায়। ফেবুলাস একটা ক্রিকেটার, ফেবুলাস একটা ক্যাপ্টেন।‘গত ম্যাচে আমরা যখন ১৪৫ রান নিয়ে লড়ছি, টানা চারটা চারটা ৮ ওভার ও আর মুজিব বল করে রান রেট উঠিয়ে দিয়ে ম্যাচ নিয়ন্ত্রণে নিয়ে এল। কাল কুয়াশা ছিল, স্পিনাররা হয়ত পরে সুবিধা পেত না। সে এসব ভাবে। তাই নতুন বলে করে নিয়েছে। এই যে গেম সেন্স, এই যে ক্যাপ্টেন্সি ম্যাটেরিয়াল ওর মধ্যে আছে, সত্যি বলতে অবিশ্বাস্য।’

নিউজ ক্রিকেট/ সুফিয়ান।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »