নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
আফগানিস্তানের ২০ বছর বয়সী এই ক্রিকেটার মুজিব অল্প দিনেই পেয়েছেন তারকাখ্যাতি। চলমান অষ্টম বিপিএলে মুজিব খেলছেন ফরচুন বরিশালের হয়ে।
প্লেয়ার্স ড্রাফটের আগেই মুজিবকে দলভুক্ত করেছিল বরিশাল। জাতীয় দলের খেলা শেষ করে বিপিএলে যোগ দেওয়া মুজিবও দিচ্ছেন দলটির আস্থার প্রতিদান। বল হাতে তার সর্বশেষ ঝলক দেখা গেল চট্টগ্রাম পর্বের শেষ ম্যাচে।
১৪৯ রানের পুঁজি নিয়ে বরিশাল এদিন চট্টগ্রামকে গুঁড়িয়ে দিয়েছে ১৩৫ রানে। স্বস্তির জয় পাওয়ার দিনে ৪ ওভার বল করে মুজিব খরচ করেছেন মাত্র ৯ রান, করেছেন একটি মেডেন ওভার। উইকেট পেয়েছেন তিনটি।
ফরচুন বরিশালের অধিনায়ক সাকিব আল হাসান তাই বলেই দিলেন, মুজিব দলে থাকা মানে প্রতিপক্ষ ৪ ওভার কম ব্যাট করার সুযোগ পায়!
ম্যাচ পরবর্তী আলাপচারিতায় সাকিব বলেন,’‘মুজিব বিশ্বমানের একজন বোলার। সে আসার পর প্রতিপক্ষের সাথে পার্থক্য বাড়িয়ে তুলেছে। মুজিব থাকায় আমরা আসলে ১৬ ওভার বল করছি, ২০ ওভার নয়।”
সাকিব জানান, আগের ম্যাচ থেকেই বাড়তি আত্মবিশ্বাস পাচ্ছেন তিনি। যদিও জয়ের ছন্দের মধ্যেও তাকে ভাবাচ্ছে দলের ব্যাটিং।
সাকিব বলেন,”গত ম্যাচ থেকে আমি বাড়তি আত্মবিশ্বাস পাচ্ছি। দলও ভালো ছন্দ পেয়েছে। খেলোয়াড়রা জানে তাদের কী করতে হবে। শুরুতে ভালো ব্যাট করতে পারছি না, ইনিংসও ভালোভাবে শেষ করতে পারছি না। এটা দুশ্চিন্তার। এই দুই জায়গায় আমাদের উন্নতি করতে হবে। আমরা সেরা ক্রিকেট না খেলেই জিততে পারছি, এটা ভালো দিক।”
