নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
নিউজিল্যান্ডে এবাদতের সেই দুর্দান্ত বোলিংয়ে বাংলাদেশের জয়ের স্মৃতি এখনো তরতাজা । নিউজিল্যান্ড সিরিজ শেষ করে এখন এবাদত খেলছেন বিপিএলে। বিপিএলে এবার এবাদত খেলছেন তামিম – মাশরাফির মিনিস্টার গ্রুপ ঢাকার হয়ে । একই দলে খেলার কারণে সাবেক টাইগার অধিনায়ক মাশরাফির কাছ থেকে বোলিংয়ের অনেক টুকিটাকি শিখছেন এই সিলেটি পেসার।
ঢাকার অনুশীলনগুলোতে তরুণ পেসারদের প্রায়ই দেখা যায় মাশরাফির সাথে কথা বলতে। দলটির পেস আক্রমণের মধ্যমণি এখনও মাশরাফি। দেশের অন্যতম সেরা এই পেসার ফিটনেস দিয়ে ক্যারিয়ারজুড়েই চমক দেখিয়ে গেছেন। এবারও বিপিএলের জন্য ওজন কমিয়েছেন অবিশ্বাস্যভাবে।সেই মাশরাফিকে কাছ থেকে দেখা মানেই শেখার সুযোগ। এবাদতও চাননা সেই সুযোগ হেলায় উড়িয়ে দিতে। তিনি শিখছেন প্রতিনিয়ত। তিনি বলেন, ‘মাশরাফি ভাই প্রথম যেদিন একাডেমি মাঠে আসলেন সেদিনই তার কাছ থেকে কিছু শেখার চেষ্টা করছিলাম। শেখানোর জন্য তারও আগ্রহ আছে। উনি এত বছর ধরে খেলছেন, উনার এক্যুরেসি ও স্লোয়ার এত ভালো। এমন একজন সিনিয়র খেলোয়াড় দলে থাকলে আমাদের জন্য ভালো। গত ম্যাচেও আমি বল করার সময় তিনি মিড অন থেকে অনেক ভালো সাপোর্ট করছিলেন। এটা আমাদের জন্য বড় একটা জিনিস।’
এবাদত এখনো শিখছেন কি করে আরো ভালো করা যায়, শেখার আগ্রহের কমতি নেই তার। তিনি বলেন, ‘হয়ত টেস্টে এখনও এত ভালো দল হয়ে উঠতে পারিনি। চেষ্টা করছি যত তাড়াতাড়ি শেখা যায়। সেভাবে ব্যক্তিগত কোনো লক্ষ্য আপাতত তৈরি করিনি। তবে দেশের জন্য ভালো কিছু করতে চাই।’
নিউজ ক্রিকেট / সুফিয়ান।
