নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
মেহেদী হাসান মিরাজের সাথে অবশেষে ভুল বোঝাবুঝির অবসান হল চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসরের বাকি অংশে দলের হয়ে অংশ নেবেন তিনি।
আজ রবিবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ব্যবস্থাপনা পরিচালক কেএম রিফাতুজ্জামান। এ সময় মিরাজও গণমাধ্যমের সাথে হাসিমুখে কথা বলেন।
মিরাজের অধীনে ৪টি ম্যাচ খেলে ২টি ম্যাচে দল জয় পায়। ব্যক্তিগত পারফরম্যান্সেও বেশ উজ্জ্বল ছিলেন মিরাজ। তবে পঞ্চম ম্যাচের আগে মিরাজকে নেতৃত্ব থেকে সরিয়ে অধিনায়কের দায়িত্ব দেওয়া হয় সহ-অধিনায়ক নাঈম ইসলামকে। যদিও মিরাজ এই ম্যাচের একাদশে ছিলেন।
তবে টিম ম্যানেজমেন্ট ও মালিকপক্ষ মিরাজের সাথে আলোচনার পর ভুল বোঝাবুঝির অবসান হয়।
মিরাজের দাবি, অধিনায়কত্ব থেকে সরানোর ক্ষেত্রে তাকে আগে থেকে অবহিত না করায় মনঃক্ষুণ্ণ হন তিনি। এক্ষেত্রে যোগাযোগের ঘাটতি ছিল, স্বীকার করেছেন ব্যবস্থাপনা পরিচালক কেএম রিফাতুজ্জামানও।
