নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) খেলা না থাকায় আজ রবিবার অনুশীলনে ব্যস্ত সময় পার করেছে দলগুলো। তবে দুপুর নাগাদ চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ক্রিকেটাররা যখন নিজেদের ঝালিয়ে নিতে ব্যস্ত তখনই টিম হোটেল ছেড়ে ঢাকায় ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন মেহেদি হাসান মিরাজ।
দুপুর শেষে বিকেল নাগাদ মিরাজ যখন ঢাকায় ফেরার জন্য হোটেলে ছেড়ে বেড়িয়ে আসেন তখন চট্টগ্রামের এক কর্মকর্তা তাকে ফেরানোর চেষ্টা করেন। তখনই মিরাজকে পাশে পেয়ে একের পর এক প্রশ্ন ছুঁড়তে থাকেন গণমাধ্যম কর্মীরা।
সেখানে এক প্রশ্নের জবাবে চট্টগ্রামের প্রধান নির্বাহী সৈয়দ ইয়াসির আলমের দিকে আঙুল তুলেছেন মিরাজ। সেসময় ইয়াসিরকে নিয়ে ব্যাপক অভিযোগ করেছেন এই টাইগার অলরাউন্ডার। সেই সঙ্গে মিরাজ জানিয়েছেন, ইয়াসির দলের সঙ্গে থাকলে তিনি চট্টগ্রামের হয়ে বিপিএল খেলবেন না।
এ প্রসঙ্গে গণমাধ্যমে মিরাজ বলেন,”ও (ইয়াসির) সিইও থাকতে পারবে না, ও দলের সাথে কোনো কিছুতে থাকতে পারবে না। ও যদি দল থেকে চলে যায়, তাহলে আমি থাকবো। এখন খেলার মতো মন-মানসিকতা ওইরকম নাই। আমার কাছে যে জিনিসটা মনে হয়ছে, সিইও ইয়াসির, ওনার আচরণ আমার ভালো লাগে নাই। মালিকরে নিয়া আমার কোনো অভিযোগ নেই।”
এ ঘটনার সূত্রপাত হয় গতকাল শনিবার বিকেলে। সিলেট সানরাইজার্সের বিপক্ষে ম্যাচের আগে হুট করেই অধিনায়কত্বে বদল আনে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। যেখানে মেহেদি হাসান মিরাজের পরিবর্তে চট্টগ্রামের নেতৃত্ব তুলে দেয়া হয় নাইম ইসলামকে। এটি অপমানজনক হলেও কোনো অভিযোগ নেই বলে মনে করেন তিনি।
মিরাজ বলেন,‘’আমাকে খেলার দিন তিন ঘন্টা আগে বলছে যে, তুমি অধিনায়কত্ব করতেছো না। এইটা নিয়ে আমার কোনো সমস্যা নাই। কিন্তু আমি বলছি কেন, আপনারা এমন সিদ্ধান্ত কেন নিলেন? আপনাদের এমন চিন্তা-ভাবনা থাকলে আগে থেকে আমারে জানিয়ে দিতেন, আমিতো বলি নাই আমারে অধিনায়কত্ব দেন। এটাতো খেলোয়াড়ের জন্য অপমানজনক।”
