খেলাই ছেড়ে দিতে চাওয়া স্টার্ক জিতলেন সেরা পুরস্কার

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

অস্ট্রেলিয়ান ক্রিকেটে সবচেয়ে দামী সম্মানজক পুরস্কার মনে করা হয় ‘অ্যালান বোর্ডার মেডেল’কে। আর অজি পেসার মিচেল স্টার্ক এবারই প্রথম জিতলেন অ্যালান বোর্ডার মেডেল। তাছাড়া অস্ট্রেলিয়ার বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার হিসেবেও নির্বাচিত হয়েছেন স্টার্ক।

মূলত ২০২১ সালে অজিদের হয়ে বল হাতে দুর্দান্ত বল করেছেন স্টার্ক। সদ্য সমাপ্ত অ্যাশেজেও দারুণ বোলিং করেছেন তিনি। ৫ টেস্ট খেলে ২৫.৩৬ বোলিং গড়ে ১৯ উইকেট নিয়েছেন এই বাঁহাতি পেসার।

তবে গত দুই বছরে মাঠের বাইরে অনেক বেশি কঠিন সময়ের মধ্য দিয়ে যেতে হয়েছে স্টার্ককে। ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) সাথে এক সাক্ষাৎকারে স্টার্ক জানিয়েছেন তার সংগ্রামের কথা। এমনও পরিস্থিতি এসেছিল যে, খেলাই ছেড়ে দিতে চেয়েছিলেন স্টার্ক।

এ প্রসঙ্গে স্টার্ক জানান,”গত দুই বছরে আমার জীবনে অনেক উত্থান-পতন এসেছে। তবে আমি হয়ত বিষয়টির সাথে মানিয়ে নিতে পেরেছি। মানিয়ে নিতে পারার কারণ আমাকে সমর্থন দিয়ে যাওয়ার মত মানুষ সেই সময় আমার পাশে ছিল। অবশ্যই গত দুই বছরে এমন সময়ও এসেছে যখন আমি নিজের সেরা খেলাটা খেলতে পারিনি, আবার এমন সময়ও এসেছে যখন আমি খেলাই ছেড়ে দিতে চেয়েছিলাম।”

তবে দুঃসময়ে পাশে থাকা মানুষদের প্রতি কৃতজ্ঞতাও জানিয়েছেন স্টার্ক। বিশেষ করে তার স্ত্রী অ্যালিসা হিলির সমর্থনের কথাও উল্লেখ করেছেন তিনি।

স্টার্ক জানান,”আমাকে সমর্থন দিয়ে যাওয়া লোকদের প্রতি আমি কৃতজ্ঞ থাকব। বিশেষ করে অ্যালিসার কথা বলতে হচ্ছে। সে নিজেও সর্বোচ্চ পর্যায়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলে যাচ্ছে। এত ব্যস্ততার মধ্যেও আমাকে সমর্থন যুগিয়ে যাওয়ার জন্য তাকে অনেক ধন্যবাদ। তাছাড়া আমার অনেক বন্ধুরাও সর্বোচ্চ পর্যায়ে ক্রিকেট খেলছে, প্রতিনিয়ত তাদের সমর্থন এবং মতামত পাওয়াটাও দারুণ ছিল আমার জন্য।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »