নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বিপিএলে গতকাল নিজের প্রথম ম্যাচ খেলতে নেমেই হ্যাটট্রিকের দেখা পেয়েছেন তরুণ পেসার মৃত্যুঞ্জয় চৌধুরী। তার বোলিং নৈপুণ্যে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স পেয়েছে ১৬ রানের জয়। নিজের অভিষেকটা যে এতটা রঙচঙা হবে প্রত্যাশা ছিল না মৃত্যুঞ্জয়ের।
কঠিন মুহূর্তে বল হাতে নিয়ে টানা তিন বলে মৃত্যুঞ্জয় শিকার করেন এনামুল হক বিজয়, মোসাদ্দেক হোসেন সৈকত ও রবি বোপারাকে। যদিও সেই ওভারের প্রথম দুই বলে হজম করেন ১০ রান।
ম্যাচ শেষে মৃত্যুঞ্জয় বলেন,”সত্যি কথা বলতে গেলে প্রথম দিকে নার্ভাস ছিলাম না। প্রথম দিকে আমার পরিকল্পনাই ছিল ইয়র্কার ভালোভাবে করব। প্রথম ওভারে এক্সিকিউশন খুব ভালো হয়েছে, এ কারণে প্রথম দিকে কোনো চাপ ছিল না। প্রথম দিকে যেহেতু দুইটা ওভার ভালো হয়েছে, ইয়র্কারও খুব ভালো পড়ছিল এ কারণে শেষের দিকে খুব ভালো আত্মবিশ্বাস ছিল যে ইয়র্কার খুব ভালো পড়বে। তো সেটাই পড়েছে।”
অধিনায়ক নাঈম ইসলাম স্টাম্প টু স্টাম্প বল করার পরামর্শ দিয়েছিলেন, যা কাজে দিয়েছে মৃত্যুঞ্জয়ের।
তিনি বলেন,”অধিনায়ক অসাধারণ একটা পরিকল্পনা দিয়েছিলেন, স্টাম্প টু স্টাম্প বল করার। প্রথম ওভারটা হয়ত ওরকম হয়নি, তবে চেষ্টা করেছি এবং পরবর্তী ওভারগুলোতে ইয়র্কার হয়েছে।”
গতকাল শনিবার মৃত্যুঞ্জয় খেলেছেন নিজের প্রথম ম্যাচ। নিজের দারুণ বোলিং নিয়ে সন্দেহ না থাকলেও হ্যাটট্রিক করে ফেলবেন তা প্রত্যাশায় ছিল না।
তিনি বলেন,”প্রত্যেক খেলোয়াড়ের স্বপ্ন থাকে পাঁচ উইকেট আর হ্যাটট্রিকের। তবে এরকম পর্যায়ের খেলায় প্রথম ম্যাচে নেমেই হ্যাটট্রিক করে ফেলব ভাবিনি। তবে এক্সিকিউশন যেহেতু ভালো হয়েছে, সে ক্ষেত্রে প্রাপ্তি বলা যায়।”
