নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসরের দ্বাদশ ম্যাচে সিলেট সানরাইজার্সকে ১৬ রানে হারিয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। আর এই ম্যাচে আসরের প্রথম হ্যাটট্রিক করেছেন চট্টগ্রামের অভিষিক্ত পেসার মৃত্যুঞ্জয় চৌধুরী।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২০২ রান জড়ো করে স্বাগতিক চট্টগ্রাম।
জবাবে জয়ের লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই লেন্ডল সিমন্সকে হারিয়ে ফেলে সিলেট। দ্বিতীয় উইকেটে ১১২ রানের পার্টনারশিপ গড়েন এনামুল হক বিজয় ও কলিন ইনগ্রাম। ৩৭ বলে ৫০ রান করে ইনগ্রাম বিদায় নিলেও বিজয় ঝড়ো ব্যাটিং অব্যাহত রাখেন। তবে রবি বোপারার ১২ বলে ১৫ রান ছাড়া আর কোনো ইনিংস বিজয়কে সঙ্গ দিতে পারেনি। ১৮তম ওভারে মৃত্যুঞ্জয় চৌধুরীর প্রথম ২ বলে ১০ রান নেন বিজয়। পরের ৩ ডেলিভারিতে বিজয়, মোসাদ্দেক হোসেন সৈকত ও রবি বোপারাকে আউট করে আসরের প্রথম হ্যাটট্রিক করেন মৃত্যুঞ্জয়।
শেষপর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮৬ রান জড়ো করে সিলেট। এতে চট্টগ্রাম পায় ১৬ রানের জয়। বিজয়ের ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৭৮ রান। চট্টগ্রামের পক্ষে মৃত্যুঞ্জয় তিনটি ও নাসুম আহমেদ দুটি উইকেট শিকার করেন।
সংক্ষিপ্ত স্কোর
টস : সিলেট সানরাইজার্স
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স : ২০২/৫ (২০ ওভার)
জ্যাকস ৫২, হাওয়েল ৪১*, আফিফ ৩৮, সাব্বির ৩১, মিরাজ ১৩*
গাজী ১৮/১, বোপারা ২৩/১, মোসাদ্দেক ২৫/১, তাসকিন ৫৩/১
সিলেট সানরাইজার্স : ১৮৬/৬ (২০ ওভার)
বিজয় ৭৮, ইনগ্রাম ৫০
মৃত্যুঞ্জয় ৩৩/৩, নাসুম ১৮/২
ফল : চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ১৬ রানে জয়ী।
