খুলনাকে হারিয়ে বিপিএল পয়েন্ট টেবিলের শীর্ষে চট্টগ্রাম

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ৮ম আসরের ষষ্ঠ ম্যাচে, আজ (সোমবার) সন্ধ্যায় হোম অফ ক্রিকেট মিরপুরে মুখোমুখি হয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও খুলনা টাইগার্স।

উক্ত ম্যাচে খুলনা টাইগার্সকে ২৫ রানের ব্যবধানে হারিয়ে চলতি বিপিএলের পয়েন্ট তালিকার শীর্ষস্থান দখল করে নিয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

হোম অফ ক্রিকেট খ্যাত মিরপুরের শেরে-বাংলায় আজ (সোমবার) দিনের দ্বিতীয় ম্যাচে, চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে টসে জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় খুলনা টাইগার্সের অধিনায়ক মুশফিকুর রহিম। টসে হেরে আগে ব্যাট করতে নেমে টপ-অর্ডার ও মিডেল অর্ডারের ব্যাটসম্যানদের মাঝারি আকারের কার্যকরী ইনিংস গুলোর সমম্বয়ে পাহাড়সম সংগ্রহ দাঁড় করায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

নির্ধারিত ২০ ওভারে  ৭ উইকেট হারিয়ে ১৯০ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। চট্টগ্রামের হয়ে ব্যাট হাতে সর্বোচ্চ ৩৪ রান আসে ইংলিশ অলরাউন্ডার ব্যানি হাওয়েলের ব্যাট থেকে। এছাড়া সাব্বির (৩২), মেহেদী মিরাজ (৩০) লুইস (২৫) উইল জ্যাকস (১৭) ও আফিফের ব্যট চড়ে আসে ১৫ রান।

খুলনার হয়ে বল হাতে কামরুল ইসলাম রাব্বির শিকার সর্বোচ্চ ২ উইকেট, এছাড়া নাভিন-উল হক ও ফরহাদ রেজা নিয়েছেন একটি করে উইকেট।

১৯১ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ১৬৫ এর বেশি তুলতে পারেনি খুলনা, যার ফলে ২৫ রানের হারের তিক্ত অনুভূতি নিয়ে মাঠ ছাড়তে হয়েছে খুলনাকে।

খুলনার হয়ে ব্যাট হাতে সর্বোচ্চ ৪০ রানের ইনিংস খেলেছেন ইয়াসির রাব্বি, এছাড়া শেখ মাহাদী ও ফরহাদ রেজার ব্যাট থেকে আসে যথাক্রমে ৩০ ও ২২ রানের ইনিংস। ক্যারিবিয়ান মারকুটে ওপেনার আন্দ্রে ফ্লেচার ১২ বলে ১৬ রান তুলতেই আহত হয়ে স্টেচারে ভর করে মাঠ ছাড়েন।অপ্রত্যাশিত দুর্ঘটনায় ফ্লেচার মাঠ না ছাড়লে খুলনার গল্পটা অন্যরকমও হতে পারতো।

যার ফলে ৩ ম্যাচের ২ ম্যাচ জিতে পূর্ণ ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষস্থানে আরোহন করলো চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। এক ম্যাচ কম খেলে ২ ম্যাচের একটিতে জয় এবং অন্যটিতে পরাজয় নিয়ে পয়েন্ট তালিকার চতুর্থ স্থানে অবস্থান মুশফিকের খুলনা টাইগার্সের।

সংক্ষিপ্ত স্কোর:
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স: ১৯০-৭ (২০)
হাওয়েল ৩৪*, সাব্বির ৩২
কামরুল ইসলাম রাব্বি: ৩-০-৩৫-২

খুলনা টাইগার্স: ১৬৫-৯ (২০)
রাব্বি ৪০, মাহাদী ৩০
রেজাউর রাজা: ৪-০-২০-২
ফলাফল: চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ২৫ রানে জয়ী।

ম্যাচসেরা: ব্যানি হাওয়েল

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »