নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বাংলাদেশ প্রিমিয়ার লিগের অষ্টম আসরের প্রথম ম্যাচে আগে ব্যাট করে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স সংগ্রহ করে ১২৫ রান। চট্টগ্রামের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ এইজন্য তার দলের ব্যাটারদের দায়ই দেখছেন। তার মতে, দায়িত্ব নিয়ে ব্যাটিং করলে এই পিচে দেড় শতাধিক রান করা সম্ভব।
বিপিএল ২০২২ এর প্রথম ম্যাচে টস হেসে আগে ব্যাট করতে নামে চট্টগ্রাম। নির্ধারিত ২০ ওভারে চট্টগ্রাম সংগ্রহ করে কেবল ১২৫ রান। চট্টগ্রামের অধিনায়ক মিরাজের মতে এটি খুবই কম রান।
তিনি বলেন,”এই উইকেটে এতো অল্প রান করে জেতা অনেক কঠিন। ১২৫ রান টি-টোয়েন্টিতে… আসলে অনেক কঠিন হয়ে যায়। বেনি হাওয়েল অনেক ভালো ব্যাটিং করেছে। ও ওই কয়টা রান করেছে বলেই আমরা লড়াই করতে পেরেছি। নাহলে হয়ত এটুকু লড়াইও হতো না।”
ম্যাচ জয়ের জন্য ব্যাটারদের বেশি রান জড়ো করা ছাড়া বিকল্প কিছু দেখছেন না মিরাজ। তার মতে, প্রথম ম্যাচে চট্টগ্রাম ২০ থেকে ২৫ রান কম করেছে এবং দায়িত্ব নিয়ে ব্যাটিং করলে দেড় শতাধিক রান সম্ভব ছিল।
মিরাজ বলেন,”আমাদের রান করতে হবে। টি-টোয়েন্টিতে যদি বেশি রান করেন, বোলারদের জন্য কাজটা সহজ হয়ে যায়। অন্তত ১৫০ থেকে ১৬০ রান হলে ভালো হতো। আমরা ২০ থেকে ২৫ রান কম করেছি। প্রথম দিকে উইকেটগুলো পড়ে যাওয়ায় সেভাবে হয়নি। দেখলাম প্রথম ম্যাচটা, বুঝলাম কীভাবে কী করতে হবে। বিদেশিরাও দেখছে। যত তাড়াতাড়ি মানিয়ে নিতে পারব, ততই আমাদের জন্য ভালো।”
উইকেট নিয়ে নেতিবাচক মন্তব্য করেননি মিরাজ। সব দায় নিয়েছেন নিজেদের ব্যাটারদের ওপরেই। মিরাজের এই সহজ স্বীকারোক্তি যে ভুল নয় তা অবশ্য বোঝা গেছে দ্বিতীয় ম্যাচে মিনিস্টার ঢাকার ব্যাটিং দেখে। তাদের ব্যাটাররা ঠিকই দাপট দেখিয়েছে।
উইকেট নিয়ে মিরাজ বলেন,“উইকেট ভালো ছিল। একটু স্পিন বেশি পাচ্ছিল। তবে ভালো ছিল। কিন্তু আমরা ব্যাটাররা ভুল করেছি। ব্যাটাররা যদি আরেকটু যত্ন সহকারে দায়িত্ব নিয়ে খেলত তাহলে ভালো হতো। মোটামুটি দায়িত্ব নিয়ে খেললে ভালো ব্যাটিং করা যায়। ১৫০ রান হলে খেলাটা ফিফটি-ফিফটি হতো, যারা এক্সট্রা-অর্ডিনারি খেলবে তারাই জিতবে।”
