টেস্টে অধিনায়ক হিসেবে রোহিতকে চান পিটারসেন

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

ভারতের টেস্ট দলের নেতৃত্ব আচমকাই ছেড়েছেন বিরাট কোহলি। এরপর থেকে সাদা পোশকে ভারতের নতুন অধিনায়ক হিসেবে বেশ কয়েকজন তরুণ ক্রিকেটারের নাম শোনা যাচ্ছে। তবে কোহলির উত্তরসূরি হিসেবে কেভিন পিটারসেনের পছন্দ রোহিত শর্মাকে। সাবেক এই ক্রিকেটারের মতে, রোহিত অধিনায়ক হিসেবে ভারতের সেরাদের একজন হওয়ার মতো।

রোহিত সাদা বলের ক্রিকেটে তিনি দীর্ঘ দিন ধরে কোহলির সহকারী হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাছাড়া ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও অধিনায়কত্ব করার অভিজ্ঞতা আছে রোহিতের। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) রোহিতের নেতৃত্বে পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। বিশ্বের অন্যতম সেরা এই ফ্র্যাঞ্চাইজি লিগের সবচেয়ে সফল অধিনায়ক তিনি।

পিটারসেন বলেন,”রোহিত ভারতের সেরা অধিনায়ক হতে পারেন, তার নেতৃত্ব গুণ খুবই ভালো এবং আইপিএলে তার পাঁচটি শিরোপা আছে। আমি মনে করি, টেস্ট অধিনায়ক হওয়ার দৌড়ে তাকে কেউ হারাতে পারবে না।”

দক্ষিণ আফ্রিকা সিরিজের শেষ টেস্টে হারের পর অপ্রত্যাশিতভাবেই টেস্টের নেতৃত্ব ছাড়েন কোহলি। কোহলির শূন্যস্থান পূরণ করতে এর মাঝেই মাঠে নেমেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) নির্বাচকরা।

পিটারসেন বলেন,”কোহলি একজন ভালো অধিনায়ক ছিল। কিন্তু সে দায়িত্ব ছেড়েছে এটা একান্তই তার ব্যক্তিগত সিদ্ধান্ত, এখানে কারও হস্তক্ষেপ করা ঠিক না।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »