বোলাররা শতভাগ দিয়েছে: হেরাথ

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

ক্রাইস্টচার্চ টেস্টের প্রথম দিন একেবারেই ধূসর বিবর্ণ কেটেছে বাংলাদেশের বোলারদের। পুরো নব্বই ওভার খেলে কিউইদের মাত্র একটি উইকেট ফেলতে পেরেছেন এবাদত -তাসকিনরা। দিন শেষে স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ অবশ্য বোলারদের নিবেদনের প্রশংসা করেছেন। তার মতে, শতভাগ উজাড় করে দিয়েছেন বাংলাদেশের বোলাররা।

ক্রাইস্টচার্চ টেস্টের আগের দিনই জানা যায়, টস জিতলে বোলিং নেবেন মুমিনুল হক। যথারীতি বাংলাদেশ টস জিতে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠায়। পরিকল্পনা ছিল হ্যাগলি ওভালের ঘাসে ঢাকা উইকেটে টাইগার পেসারদের আগৃনে বিধ্বস্ত হবে কিউইদের ব্যাটিং লাইনআপ। কিন্তু তেমন কিছুই হয়নি। পেসাররা সারাদিনই হন্য হয়ে উইকেটের খোঁজে দিন পার করেছেন। আর ওভারপ্রতি প্রায় ৪ গড়ে রান তুলেছে কিউইরা। প্রথম দিন শেষে ৯০ ওভার খেলে তাদের সংগ্রহ এক উইকেটে ৩৪৯ রান। রঙ্গনা হেরাথ অবশ্য সব বোলারের চেষ্টার প্রশংসাই করেছেন।

তিনি বলেন,”সত্যি বলতে, দিনটা আমাদের ভালো যায়নি। তবে সর্বোপরি টম লাথাম ও ডেভন কনওয়েকে কৃতিত্ব দিতে হয়। তারা খুবই ভালো ব্যাটিং করেছে। একইসঙ্গে, আমাদের ফাস্ট বোলাররা তাদের শতভাগ দিয়েছে, স্পিনাররাও দিয়েছে। আমি নিশ্চিত যে ছেলেরা আগামীকাল ঘুরে দাঁড়াবে এবং তাদের সেরাটা দিবে।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »