নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ক্রিকেট থেকে দীর্ঘ দিন বাইরে আছেন মাশরাফি বিন মর্তুজা। তার জন্মস্থান তথা নির্বাচনী এলাকা নড়াইলের আপামর জনগণের সাথে, তাদের সুখ-দুঃখের সাথী হয়ে কর্মব্যস্তময় দিন পার করেছেন। প্রায় এক বছর পর আজ আবার মাঠে ফিরেছেন মাশরাফি। সকাল গড়িয়ে দুপুর নামার আগেই শেরে বাংলা একাডেমি মাঠে হালকা অনুশীলন করলেন মাশরাফি। হালকা ইনজুরি নিয়ে একাডেমি মাঠে শর্ট রানআপে বোলিংও করেছেন। লক্ষ্য বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) জন্য নিজেকে প্রস্তুত করা।
সব কিছু ঠিক থাকলে ২১ জানুয়ারি মাঠে গড়াবে বিপিএলের এবারের আসর। আর এবারের বিপিএলে ঢাকা স্টার্সের হয়ে মাঠে নামবেন মাশরাফি। তবে মাঠে নামার আগে চিন্তার কারণ হচ্ছে তার ইনজুরি। গতকাল পিঠে হালকা ব্যথা নিয়েই হালকা অনুশীলন করেছেন। বাংলাদেশ ক্রিকেট লিগের (বিবিএল) ওয়ানডে সংস্করণে খেলা নিয়ে রয়েছে শঙ্কা।
আজ অনুশীল হালকা অনুশীলন করেন মাশরাফি। মাহমুদউল্লাহ রিয়াদকে বোলিং করেছেন। এ সময় ছিলেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালও। অনুশীলন শেষে সাংবাদিকদের মাশরাফি বলেন, ‘বিসিএল (ওয়ানডে সংস্করণ) খেলব কি না নিশ্চিত নই। আমার ব্যাকপেইন আছে একটু। আজকে অনেকদিন পর এসেছি। একটু সময় লাগবে হয়ত। সামনে বিপিএল আছে। আস্তে আস্তে শুরু করছি। ব্যাকপেইনের অবস্থার ওপর নির্ভর করছে। বিসিএলে খেলার কথা ছিল, আমাকে বলেছে। প্রস্তুতি পুরোপুরি শুরু না হওয়া পর্যন্ত নিশ্চিত করতে পারছি না।’
দীর্ঘ দিন মাঠে নেই, ইনজুরি আছে হালকা। ইনজুরির অবস্থা নিয়ে মাশরাফি বলেন, ‘বোলিং তো ওরকমভাবে করিনি। একটু ছোট রানআপে দেখছিলাম কী অবস্থা। বোলিংয়ের সময়… এখনও তো ফুল রানআপে করিনি। তাই এখনই মন্তব্য করা ঠিক হবে না। একটা পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে আছি। হয়ত আগামী সপ্তাহে ফুল রানআপে বল করতে পারলে বুঝতে পারব। ছন্দ ফিরে পেতে বেশি দিন লাগবে না। যেহেতু ফিটনেস ঠিক আছে। যত তাড়াতাড়ি ফুল রানআপে বল করতে পারব তত ভালো। ব্যাকপেইনের ওপর নির্ভর করছে।’
