বিসিএলে চ্যাম্পিয়ন ওয়ালটন সেন্ট্রাল জোন

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ২৩তম আসরে চ্যাম্পিয়ন হয়েছে ওয়ালটন সেন্ট্রাল জোন। আজ রোমাঞ্চকর ফাইনালে পঞ্চম ও শেষ দিনে শুভাগত হোমের দুর্দান্ত এক সেঞ্চুরিতে পরাজয়ের শঙ্কা থেকে ম্যাচ জেতে সেন্ট্রাল জোন। বিসিবি সাউথ জোনকে ৪ উইকেটে হারিয়েছে সেন্ট্রাল জোন। প্রথম ইনিংসেও সেঞ্চুরি করেছিলেন শুভাগত। এ নিয়ে সেন্ট্রাল জোন তৃতীয়বারের মতো বিসিএল শিরোপা ঘরে তুলল।
২১৮ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে ৩ উইকেটে ২৬ রান নিয়ে দ্বিতীয় ইনিংসে দিনের খেলা শুরু করে সেন্ট্রাল জোন। দিনের শুরুতেই সৌম্য সরকার আগের দিনের সঙ্গে কোনো রান যোগ না করেই ব্যক্তিগত ৮ রান করে আউট হন। এরপর তাইবুর রহমান ৩ ও সালমান হোসেন ইমন ৩৭ রান করে আউট হলে দলীয় ৬৮ রানে ৬ উইকেটে হারিয়ে সেন্ট্রাল জোন পরাজয়ের শঙ্কায় পড়ে যায়।
এরপর সেন্ট্রাল জোনের অধিনায়ক শুভাগত হোম ও উইকেটেরক্ষক ব্যাটার জাকের আলী অনিক দলের হাল ধরেন। এই দুইজনের ব্যাটে শক্ত প্রতিরোধ গড়ে প্রথম সেশনটা বেশ ভালোভাবেই শেষ করেন। ৬৩ বলে শুভাগত ফিফটি তুলে নেন। শুভাগত ওয়ানডে স্টাইলে ব্যাট চালিয়ে রান তুলতে থাকেন। অন্যপ্রান্তে তাকে বেশ ভালো সাপোর্ট দেন জাকের।

শুভাগত-জাকের সপ্তম উইকটে একশ রানে জুটি গড়ে সেন্ট্রাল জোনের জয়ের আশাটা বাঁচিয়ে রাখেন। ফিফটিটাকে সেঞ্চুরিতে রূপ দিতে ধীরে ধীরে এগিয়ে যেতে থাকেন শুভাগত। জাকের একপ্রান্ত আগলে রাখেন অন্যপ্রান্তে রান তুলতে থাকেন শুভাগত। রিশাদ হোসেনকে চার মেরে শুভাগত প্রথম শ্রেণির ক্রিকেটে ১৬তম সেঞ্চুরি তুলে নেন। দলও চলে যায় জয়ের দ্বারপ্রান্তে। শেষ পর্যন্ত ১৫৩ রানে জুটি গড়ে অবিচ্ছিন্ন থেকে ৬ উইকেটে ২২১ রান তুললে জয় নিশ্চিত হয় সেন্ট্রাল জোনের। শুভাগত ১১৪ ও জাকের ৪১ রানে অপরাজিত ছিলেন।

দুই ইনিংসে সেঞ্চরি করে ম্যাচসেরা হয়েছেন সেন্ট্রাল জোনের শুভাগত হোম। আর পুরো টুর্নামেন্টে দারুণ পারফরম্যান্স করায় সেন্ট্রাল জোনের মোহাম্মদ মিঠুন ও সাউথ জোনের জাকির হাসান যৌথভাবে টুর্নামেন্ট সেরা হয়েছেন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »