নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা মনে করেন, নিউজিল্যান্ডে বাংলাদেশের টেস্ট জয় এখন পর্যন্ত দেশের ক্রিকেটের সেরা অর্জন। বিশেষ করে টেস্ট ক্রিকেটে এই জয়কে সেরা সাফল্য হিসেবে মানছেন তিনি।
মাউন্ট মঙ্গানুইয়ে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডকে ৮ উইকেটে হারিয়ে সিরিজে এগিয়ে আছে বাংলাদেশ। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম চক্রের চ্যাম্পিয়নদের বিপক্ষে এই জয়ে উল্লসিত ক্রিকেট অঙ্গন।
এ ম্যাচ জয় নিয়ে গণমাধ্যমের প্রশ্নের জবাবে অনুভূতি প্রকাশ করে মাশরাফি বলেন,”দারুণ। বাংলাদেশের অন্যতম সেরা জয় না বলে বলা উচিৎ এটাই সর্বোচ্চ জয় (সাফল্য)। বিশেষ করে টেস্ট ক্রিকেটের কথা চিন্তা করলে তো অবশ্যই। তাও নিউজিল্যান্ডের মাটিতে, যখন কিনা নিউজিল্যান্ড টেস্ট চ্যাম্পিয়ন। এটা তো দারুণ ব্যাপার। অনেক খেলোয়াড় দলের সাথে নেই। এখান থেকে ভাবলে, শূন্য থেকে এত বড় জয়- দারুণ ব্যাপার।’’
মাশরাফি মনে করেন, মাউন্ট মঙ্গানুই টেস্টে দলের পারফরম্যান্স অনেক প্রশ্ন আর সমালোচনার জবাব দিয়েছে।
তিনি বলেন,”এই টেস্ট অনেক প্রশ্নের উত্তর দিয়েছে। শুধু খেলোয়াড় না, বাইরের অনেকেও চাইলে অনেক প্রশ্নের উত্তর মেলাতে পারবে। এখানেই সব লেসন আছে।’’
ঐতিহাসিক এই জয়ের পর মাশরাফিকে ফোন করেছিলেন অধিনায়ক মুমিনুল হক। মাশরাফি সাড়া দিতে পারেননি, তবে দূর থেকেই তাকে স্পর্শ করছে দলের আবেগ-অনুভূতি।
তিনি বলেন,”মুমিনুল কল দিয়েছিল, কিন্তু দুই দেশের সময়ে ফারাক থাকায় কথা হয়নি। আজ চেষ্টা বলব কথা বলার দুই-একজনের সঙ্গে। কথা বলা জরুরী না। জরুরী হল ওরা খেলা উপভোগ করছে। এত বড় জয় এসেছে। এটা বাংলাদেশের সবার জন্য বিরাট মুহূর্ত।”
