নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
দীর্ঘ সময় ধরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচক প্যানেলের প্রধান হিসেবে দায়িত্ব পালন করে আসছেন মিনহাজুল আবেদিন নান্নু। সাবেক এই অধিনায়কের নেতৃত্বাধীন প্যানেলের দায়িত্বের মেয়াদ শেষ হয়েছে ডিসেম্বরে। তবে বর্তমানে কাজ চালিয়ে যাচ্ছেন বাড়তি দায়িত্ব হিসেবে।
খুব শীঘ্রই নতুন করে নির্বাচক প্যানেল ঘোষণা করবে বিসিবি। সেই প্যানেলে নান্নু থাকবেন কি না তা বড় এক প্রশ্ন রয়েছে। তবে নান্নু জানিয়েছেন, বোর্ড চাইলে নতুন করে আবারও নির্বাচকের দায়িত্ব নিতে চান তিনি।
গণমাধ্যমের সাথে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি বলেন,”গত ৩১ ডিসেম্বর নির্বাচক প্যানেলের মেয়াদ শেষ হয়েছে। আমাদের জানুয়ারি পর্যন্ত কাজ করতে বলা হয়েছে। বোর্ড মিটিং না হওয়া পর্যন্ত সিদ্ধান্ত আসবে না। বোর্ড যদি কন্টিনিউ করতে চায় অবশ্যই করব। আমি তো খেলা ছাড়ার পর থেকেই বোর্ডের সাথে যুক্ত আছি। কোচিংয়ের সাথে ছিলাম, এরপর নির্বাচক প্যানেলের সাথে আছি। ক্রিকেটের সাথে কাজ করতে বললে অবশ্যই করব।’’
নিউজিল্যান্ডে ইতিহাস গড়া দলটি ছিল তারুণ্যে ভরপুর। নান্নুও জানালেন, নতুন খেলোয়াড় তুলে না আনার অভিযোগ ভিত্তিহীন।
তিনি বলেন,’‘সবসময় শুনি পাইপলাইনে নাকি খেলোয়াড় নেই! সবসময় এটা শুনতে থাকি। এই যে আজকে আমরা মাহমুদুল হাসান জয়কে নিয়েছি, আমরা কি এইচপি খেলোয়াড়দের নার্সিং করি না? এইচপিতে লাল বল ও সাদা বলের জন্য আলাদাভাবে খেলোয়াড়দের গড়ে তোলা হয়। বিসিবির বয়সভিত্তিক, এইচপি প্রোগ্রাম যথেষ্ট ভালো করছে। মাঝখানে করোনার জন্য পিছিয়ে পড়ায় ভালোই সংগ্রাম করতে হয়েছে।”
