নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) চতুর্থ দিনে সেঞ্চুরি মিস করেছেন রিশাদ হোসেন। আজ ওয়ালটন সেন্ট্রাল জোনের বিপেক্ষ এক রানের জন্য সেঞ্চুরি করতে পারেননি বিসিবি সাউথ জোনের এই ক্রিকেটার। দারুণ বোলিং করেছেন সেন্ট্রাল জোনের পেসার আবু হায়দার রনি। তুলে নিয়েছেন ৫ উইকেট। বিসিএলের ফাইনালটা শেষ দিনে রোমাঞ্চের জন্যই অপেক্ষা করছে। জয়ের জন্য সেন্ট্রাল জোনের দরকার ১৯২ রান হাতে রয়েছে ৭ উইকেট।
১ উইকেটে ৪৩ রান আজ মিরপুর স্টেডিয়ামে দ্বিতীয় ইনিংসের খেলা শুরু করে বিসিবি সাউথ জোন। সেন্ট্রাল জোনের দারুণ বোলিংয়ে শুরুতেই চাপে পড়ে যায় সাউথ জোন। পিনাক ঘোষ ২৭, অমিত হাসান ৪১, তৌহিদ হৃদয় ১, জাকির হাসান ০, ফরহাদ রেজা ১৩ ও মেহেদি হাসান ১৩ রান করে আউট হলে ১২০ রানে ৭ উইকেটে হারিয়ে চাপে পড়ে যায় সাউথ জোন। অষ্টম উইকেট জুটিতে রিশাদ ৪৪ রানের জুটি গড়েন নাসুম আহমেদকে সাথে নিয়ে। নাসুম ৪১ রান করে আউট হন। মেহেদি হাসান রানাকে নিয়ে নবম উইকেট জুটি রিশাদ আরও ৬১ রান যোগ করেন। ফিফটির দেখা পান রিশাদ। ১১ রান করে রিশাদকে ভালোই সঙ্গ দেন রানা।
একপ্রান্ত আগলে রেখে স্ট্রাইক নিয়ে সেঞ্চুরির দিকে এগোতে থাকেন রিশাদ। শেষ উইকেট জুটিতে ৪৪ রান আসে। এই জুটিতে কামরুল ইসলাম রাব্বি ২৮ বল খেলে কোনো রানই করেনি। একাই রান নিয়ে সেঞ্চুরির কাছে চলে যান রিশাদ। ৯৯ রানে তাইবুর রহমানের বলে আউট হলে ১ রানের আক্ষেপ নিয়ে শেষ ব্যাটার হিসেবে আউট হন রিশাদ। দ্বিতীয় ইনিংসে সাউথ জোন অলআউট হয় ২৬৮ রানে। সেন্ট্রাল জোনের রনি ৫টি এবং হাসান মুরাদ, মুকিদুল ইসলাম, রবিউল হক ও সৌম্য সরকার ১টি করে উইকেট নেন।
২১৮ রানে লক্ষ্যে দিনের শেষ দিকে ব্যাটিং করতে নামে ওয়ালটন সেন্ট্রাল জোন। শুরুতেই চাপে পড়ে যায় সেন্ট্রাল জোন। দলীয় ১২ রানে আউট হয়ে ফিরে যান প্রথম ইনিংসে প্রথম শ্রেণির ক্রিকেট প্রথম ডাবল সেঞ্চুরি পাওয়া ব্যাটার মোহাম্মদ মিঠুন। এরপর আব্দুল মজিদ ৫ রান করে আউট হলে দ্বিতীয় উইকেট হারায় সেন্ট্রাল জোন। নাইটওয়াচম্যান হিসেবে দিনের শেষ দিকে নামেন হাসান মুরাদ। কিন্ত ১ রান করে নাসুমের বলে মুরাদ আউট হলে ২০ রানে ৩ উইকেট হারায় সেন্ট্রাল জোন। দিন শেষে দ্বিতীয় ইনিংসে সেন্ট্রাল জোনের সংগ্রহ ৩ উইকেটে ২৬ রান।
