নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ফাইনাল ম্যাচের দ্বিতীয় দিনে আজ সেঞ্চুরির দেখা পেয়েছেন দুই ব্যাটার মোহাম্মদ মিঠুন ও জাকির হাসান। বিসিবি সাউথ জোনের জাকির সেঞ্চুরি পেয়েছেন ওয়ালটন সেন্টাল জোনের বিপক্ষে। সেন্ট্রাল জোনের হাসান মুরাদ ৫ উইকেট নেন। প্রথম ইনিংসে ব্যাটিং করতে নেমে সেঞ্চুরি করেছেন সেন্ট্রাল জোনের মিঠুন।
মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ৫ উইকেট ২৬১ রান নিয়ে প্রথম ইনিংসের খেলা শুরু করেন জাকির ও ফরহাদ রেজা। ফিফটির কাছে থাকা দুই ব্যাটারই ফিফটি তুলে নেন। ফরহাদ ৭৬ রান করে দলীয় ৩০০ রানের মাথায় আউট হন। ১১৯ রানের ষষ্ঠ উইকেট জুটিও ভেঙ্গে যায়। সপ্তম উইকেটে রিশাদ হোসেনকে সাথে নিয়ে জাকির ৫২ রানের জুটি গড়েন। রিশাদ ১৬ রান করে আউট হন। নাসুম আহমেদ ১৭ রান করে জাকিরকে ভালোই সঙ্গ দেন। মেহেদী হাসান রানা শূন্য রানে আউট হলে নব্বইয়ের ঘরে অপরাজিত থাকা জাকিরের সেঞ্চুরি পাওয়া নিয়ে অনিশ্চয়তায় তৈরি হয়। এক প্রান্ত আগলে রেখে স্ট্রাইক নিয়ে দারুণ এক সেঞ্চুরি তুলে নেন জাকির। মধ্যাহ্ন বিরতির আগে সাউথ জোন প্রথম ইনিংসে ৩৮৭ রানে অলআউট হয়। জাকির ১০২ রানে অপরাজিত থাকেন। বিনা উইকেট ২ রান নিয়ে মধ্যাহ্ন বিরতিতে যায় সেন্ট্রাল জোন
দ্বিতীয় সেশনের শুরুতেই চাপে পড়ে যায় সেন্ট্রাল জোন। দলীয় ১৬ রানের মধ্যে টপ অর্ডারে চার ব্যাটার আউট হয়ে ফিরে যান। সবগুলো উইকেটই নেন ফরহাদ। মোহাম্মদ মিঠুন ও শুভাগত হোম পঞ্চম উইকেটে সেই চাপটা সামাল দেন। চা বিরতি পর্যন্ত সময়টা কাটিয়ে দেন তারা।
তৃতীয় সেশনেও বেশ আস্থার সাথেই খেলতে থাকেন মিঠুন-শুভাগত। দুজনেই তুলে নেন ফিফটি। ধীরে ধীরে সেঞ্চুরির দিকে এগুতে থাকা মিঠুন দিনে শেষ দিকে এসে সেঞ্চুরি পূরণ করেন। দ্বিতীয় দিনে শেষে প্রথম ইনিংসে সেন্ট্রাল জোনের সংগ্রহ ৪ উইকেটে ১৮৪ রান। ১৬৮ রানে জুটি গড়ে অবিচ্ছিন্ন থাকেন মিঠুন-শুভাগত। মিঠুন ১০২ ও শুভাগত ৬৭ রানে অপরাজিত ছিলেন। প্রথম ইনিংসে সেন্ট্রাল জোন পিছিয়ে আছে ২০৩ রানে।
