নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ওভালে কিউইদের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে বড় লিডের দেখা পেয়েছে টাইগাররা। স্বাগতিকদের বিপক্ষে চলতি টেস্টের প্রথম ইনিংসে মমিনুল বাহিনীর লিড ১৩০।
প্রথম ইনিংসে নিউজিল্যান্ডের ৩২৮ রানের জবাবে ব্যাট করতে নেমে জয়-মমিনুল ও শান্ত-লিটনের অর্ধশতকের উপর ভর করে ৪৫৮ রানে থামে বাংলাদেশের প্রথম ইনিংস। যার ফলে, কিউইদের বিপক্ষে তাদেরই মাটিতে প্রথমবারের মতো (১৩০) লিডের দেখা পায় টাইগাররা।
আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান মেহেদী হাসান মিরাজ ও ইয়াসির রাব্বি চতুর্থ দিনের শুরুতে ব্যাট করতে নেমে একই জুটিতে আরো ৪৪ রান যোগ করেন। দলীয় ৪৪৫ রানের মাথায় অর্ধশতক থেকে মাত্র ৩ রানের দুরত্বে আউট হয়ে ফিরে যান মিরাজ। মিরাজের বিদায়ের পর স্কোরবোর্ডে আর মাত্র ১৩ রান তুলতেই পরপর রাব্বি,তাসকিন ও শরিফুলের উইকেট হারিয়ে ৪৫৮ রানে থামে বাংলাদেশের ইনিংস।
ইয়াসির রাব্বির ব্যাট থেকে আসে ২৬ রান। এছাড়া তাসকিন ও শরিফুলের ব্যাট থেকে আসে যথাক্রমে ৫ ও ৭ রান।
নিউজিল্যান্ডের হয়ে বল হাতে ট্রেন্ট বোল্টের শিকার ৪ উইকেট। এছাড়া নিল ওয়াগনার ৩টি ও টিম সাইদির শিকার ২ উইকেট।
১৩০ রানে পিছিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেছে স্বাগতিকরা। সর্বশেষ এই প্রতিবেদন লেখার আগ অব্দি নিজেদের দ্বিতীয় ইনিংসে কিউইদের সংগ্রহ ১ উইকেট হারিয়ে ৬১ রান, কিউইরা পিছিয়ে ৬৯ রানে।
