নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
২০২১ সাল শেষ হয়েছে দুইদিন আগে। তবে ২০২১ সালে সেরা ম্যাচটি জয়ের কথা জানালেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। বাবরের চোখে ভারতের বিপক্ষে বিশ্বকাপে জয়টিই বছরের সেরা।
২০২১ সাল বেশ ভালো কেটেছে পাকিস্তান ক্রিকেট দলের। বিশেষ করে টি-টোয়েন্টি ফরম্যাটে নিজেদের ইতিহাসের সেরা বছর কাটিয়েছে পাকিস্তান। তার মধ্যে উল্লেখযোগ্য পারফরম্যান্স ছিল টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে জয়।
টুর্নামেন্টের প্রথম ম্যাচটিতে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে পাত্তা না দিয়ে ১০ উইকেটের বড় জয় তুলে নিয়েছে বাবর আজমের পাকিস্তান। নতুন বছরের শুরুতে এক পডকাস্টে ২০২১ সালের সেরা এবং বাজে মুহূর্তের কথা তুলে ধরলেন বাবর। সেরা মুহূর্ত হিসেবে ভারতের বিপক্ষে ঐতিহাসিক জয়কেই এগিয়ে রাখছেন বাবর আজম।
তিনি বলেন,“দল হিসেবে আমাদের জন্য দারুণ অর্জন ছিল এটি। কারণ, অনেক বছর ধরেই বিশ্বকাপে ভারতকে হারাতে পারিনি আমরা। বছরের সেরা মুহূর্ত এটি আমাদের।”
টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের সবকটি ম্যাচ জিতে সেমিফাইনালে উঠেছিল পাকিস্তান। ধারণা করা হয়েছিল এবারের ট্রফিটা হয়তো পাকিস্তানের হাতেই উঠবে। কিন্তু সেই পাকিস্তানকে সেমিফাইনালে থামায় অস্ট্রেলিয়া।
সেই ম্যাচে শাহীনের ওভারে ওয়েডের ক্যাচ মিস করেন হাসান আলী। পরের তিন বলে তিন ছয় হাঁকিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়ে নায়ক বনে যান ওয়েড। বাবরের কাছে সবচেয়ে কষ্টের মুহূর্ত ছিল এটিই।
তিনি বলেন,”এ বছর সবচেয়ে বেশি কষ্ট পেয়েছি ওই হারে। কারণ, দল হিসেবে আমরা এত ভালো খেলছিলাম।”
