জয়-শান্তর অর্ধশতকে দিনশেষে স্বস্তিতে বাংলাদেশ

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

বাংলাদেশের বিপক্ষে চলতি সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে নিউজিল্যান্ড অলআউট হয়েছে ৩২৮ রানে। দ্বিতীয় দিনশেষে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ১৭৫ রান। এদিন অর্ধশতক হাঁকিয়েছেন মাহমুদুল হাসান জয় ও নাজমুল হোসেন শান্ত।

দলীয় ৭০ রানে ১ উইকেট নিয়ে মধ্যাহ্ন বিরতিতে গিয়েছিলেন জয় ও শান্ত। শান্ত নিয়মিত রান সংগ্রহ করতে থাকলেও জয় ধীরগতিতে ব্যাটিং করতে থাকেন। যেকারণে ওপেনার জয়ের আগে অর্ধশতক তুলে নেন শান্ত। রাচিন রবীন্দ্রকে ছক্কা হাঁকিয়ে টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় অর্ধশতক পান তিনি। ৯০ বলে অর্ধশতক স্পর্শ করেন শান্ত।

অর্ধশতক হাঁকানোর পরই রান তোলার গতি বৃদ্ধি করেন শান্ত। তবে ৬৪ রানে নেইল ওয়াগনারের বলে ক্যাচ আউট হয়ে ফিরে যান তিনি। ভেঙে যায় শান্ত ও জয়ের ১০৪ রানের জুটি। শান্ত ফেরার পরে জয়ের সাথে যোগ দেন অধিনায়ক মুমিনুল হক। রানের অবিচ্ছিন্ন জুটি নিয়ে দ্বিতীয় দিন শেষ করেছেন তারা দুইজন। ৬৭ ওভারে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে রান। জয় অপরাজিত আছেন ৭০ রানে। খেলেছেন ২১১টি বল। তার ব্যাট থেকে এসেছে ৭টি চার। মুমিনুল অপরাজিত আছেন ২৭ বলে ৮ রানে। বাংলাদেশ ১৫৩ রানে পিছিয়ে আছে।

এর আগে কিউইদের ৩২৮ রানে অলআউট করে টাইগাররা। মেহেদী হাসান মিরাজ ও শরিফুল ইসলাম তিনটি করে উইকেট একই সঙ্গে মুমিনুল দুইটি এবং এবাদত হোসেন একটি উইকেট নেন। কিউইদের হয়ে ডেভন কনওয়ে ১২২ রান করেন। এছাড়া অর্ধশতক করেন উইল ইয়ং ৫২ এবং হেনরী নিকোলস ৭৫।

সংক্ষিপ্ত স্কোর

নিউজিল্যান্ড ৩২৮/১০ (১০৮.১ ওভার)
কনওয়ে ১২২, নিকোলস ৭৫, ইয়ং ৫২, টেলর ৩১, ল্যাথাম ১;
শরিফুল ২৬-৭-৬৯-৩, মিরাজ ৩২-৯-৮৬-৩, মুমিনুল ৪.১-০-৬-২।

বাংলাদেশ ১৭৫/২ (৬৭ ওভার)
জয় ৭০*, শান্ত ৬৪, সাদমান ২২, মুমিনুল ৮*,
ওয়াগনার ১৬-৫-২৭-২।

১৫৩ রানে পিছিয়ে বাংলাদেশ।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »