নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম দিন শেষে নিউজিল্যান্ডের সংগ্রহ ৫ উইকেটে ২৫৮ রান। নিউজিল্যান্ডের পক্ষে শতক হাঁকিয়েছেন ডেভন কনওয়ে। বাংলাদেশের পক্ষে দুইটি উইকেট নিয়েছেন শরিফুল ইসলাম।
মাউন্ট মঙ্গানুইয়ের বে ওভালে টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। চতুর্থ ওভারেই উইকেট শিকার করেন শরিফুল ইসলাম। ১৪ বলে ১ রান করা কিউই অধিনায়ক টম ল্যাথামকে সাজঘরের পথ দেখান তিনি।
চা বিরতির ঠিক আগমুহূর্তে কনওয়ে ও ইয়ংয়ের ১৩৮ রানের জুটি ভাঙে রানআউটে। মেহেদী হাসান মিরাজের ওভারে ইয়ংকে রানআউট করেন নাজমুল হোসেন শান্ত। ১৩৫ বলে ৫২ রান করেন ইয়ং। তার ব্যাট থেকে আসে ৬টি বাউন্ডারি। অভিজ্ঞ ব্যাটার রস টেলরকে শিকার করেন শরিফুল। সাদমান ইসলামের তালুবন্দী হওয়ার আগে টেলর করেন ৩১ রান, খেলেন ৬৪টি বল। ভেঙে যায় কনওয়ে ও টেলরের ৫০ রানের জুটি।
কনওয়ে হাঁকান শতক। তাকে থামান অধিনায়ক মুমিনুল হক। মুমিনুলের বলে উইকেটরক্ষক লিটনের তালুবন্দী হন কনওয়ে। তার ব্যাট থেকে আসে ১২২ রান। তিনি বল খেলেন ২২৭টি। পঞ্চম উইকেটে হেনরি নিকোলস ও টম ব্লান্ডেল যোগ করেন ৩১ রান। এবাদত হোসেনের বলে ব্লান্ডেল বোল্ড হলে দিনের খেলার ইতি টানা হয়। ৮৭.৩ ওভারে নিউজিল্যান্ডের সংগ্রহ ৫ উইকেটে ২৫৮ রান। বাংলাদেশের পক্ষে শরিফুল দুইটি এবং এবাদত ও মুমিনুল একটি করে উইকেট নিয়েছেন।
সংক্ষিপ্ত স্কোর
নিউজিল্যান্ড ২৫৮/৫ (৮৭.৩ ওভার)
কনওয়ে ১২২, ইয়ং ৫২, টেলর ৩১, ল্যাথাম ১;
শরিফুল ২০-৫-৫৩-২, মুমিনুল ৩-০-৫-১
