ব্যাটাররা উপভোগ করবে, বোলাররাও মজা পাবে: মুমিনুল

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

নিউজিল্যান্ডের উইকেট নিয়ে ভাবনার কিছু নেই বলে মনে করছেন বাংলাদেশ দলের টেস্ট অধিনায়ক মুমিনুল হক। তবে নিজেদের কন্ডিশন বলে নিউজিল্যান্ডের পেসাররা টাইগারদের জন্য হয়ে উঠতে পারে ভয়ঙ্কর বলে মনে করেন মুমিনুল।

মুমিনুল মনে করেন, নিউজিল্যান্ডের উইকেট সফরকারী দলগুলোর কাছেও সহজে অনুমেয়। বোলার ও ব্যাটার প্রত্যেকেই স্বাচ্ছন্দ্যে খেলতে পারবেন বলে জানান তিনি।

মুমিনুল বলেন,”আপনি নিউজিল্যান্ডে আসার আগে যেরকম চিন্তা করবেন, উইকেট এরকমই হবে। বিদেশে খেলার সময় মাইন্ড সেটআপ খুবই গুরুত্বপূর্ণ। উইকেট খুব চ্যালেঞ্জিং হবে- এরকম চিন্তা করলে হবে না। আমার কাছে মনে হয় ব্যাটিং করলে ব্যাটাররা ভালো উপভোগ করবে, বোলাররাও বল করে মজা পাবে।’’

সতর্ক করলেন সতীর্থদের, প্রথম দিকে চ্যালেঞ্জ হয়ত একটু বেশি থাকবে। নিউজিল্যান্ডে সবসময় প্রথম এক-দেড় ঘণ্টা চ্যালেঞ্জিং হয়। মুমিনুল মনে করেন, বাংলাদেশের পরীক্ষা নিতে পারেন পেসাররাই। তবে পেসারদের সামলানোর সামর্থ্যও বাংলাদেশের আছে বলে মনে করেন তিনি।

সেই সাথে মুমিনুল আশাবাদ ব্যক্ত করেছেন নিজের পেস ইউনিট নিয়ে। তিনি বলেন,’‘ওদের পেস বোলিংই সবচেয়ে বেশি চ্যালেঞ্জ হবে। এই চ্যালেঞ্জ নেওয়ার মত সামর্থ্য আমাদের আছে, নেওয়া উচিৎ। তাসকিন বিগত সব টেস্টে খুব ভালো বল করেছে। এবাদতও গত দুই টেস্টে খুব ভালো বল করেছে। রাহীও ভালো অবস্থায় আছে। শরিফুল আছে, খালেদ ও শহিদুল আছে। গত এক-দেড় বছরে আমরা বেশ উন্নতি করেছি। তাদের দেখার জন্য আমার আরও রোমাঞ্চ কাজ করছে এই সিরিজে। ওদের নিয়ে আমি খুবই আশাবাদী। আশা করি ভালো কিছু দেখতে পারবেন পেস বোলারদের কাছ থেকে।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »