নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ব্যক্তিগত কারণে ছুটি নেওয়ায় নিউজিল্যান্ডে বাংলাদেশ দলের গুরুত্বপূর্ণ সফরে নেই সাকিব আল হাসান। সাকিবকে ছাড়াই তাই আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় চক্রের দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ।
সাকিবের এই অনুপস্থিতিকে দলের জন্য বড় ক্ষতি বলে অভিহিত করেছেন বাংলাদেশ দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো। তার মতে, সাকিবের উপস্থিতি দলে ভারসাম্য নিয়ে আসে।
ডমিঙ্গো বলেন,”সাকিবের অনুপস্থিতি অবশ্যই দলের জন্য বড় ক্ষতি। সে বিশ্বের সেরা অলরাউন্ডারদের একজন, খুব সুন্দরভাবে দলটাকে ভারসাম্যপূর্ণ করে তোলে। টপ সিক্সে ব্যাট করতে পারে, বল হাতে উইকেট এনে দেয়। তাই তার অনুপস্থিতি অবশ্যই ক্ষতি। তবে তার অনুপস্থিতিকে তরুণরা কাজে লাগাতে পারে।’’
আরেক অভিজ্ঞ তারকা মাহমুদউল্লাহ রিয়াদ তো টেস্ট থেকে অবসরই নিয়ে ফেলেছেন। সিনিয়র ক্রিকেটারদের অনুপস্থিতি জুনিয়র তথা তরুণ ক্রিকেটাররা কাজে লাগাবেন, আশা ডমিঙ্গোর।
তিনি বলেন,”গত কয়েক মাস ধরেই আসলে কঠিন সময় যাচ্ছে। টেস্ট দল হিসেবে আমরা উন্নতি করছি। হয়ত ফলাফল সেটা বলছে না। কিন্তু আমরা এখন ভালো টেস্ট খেলছি। আমাদের ২-১ জন সেরা খেলোয়াড় দলে নেই। তবে তাদের জায়গায় তরুণরা এসেছে। নিউজিল্যান্ড খুব বেশি খেলার অভিজ্ঞতা তাদের নেই। নিউজিল্যান্ডে আমাদের রেকর্ড ভালো নয়। তরুণদের জন্য এটা ভালো সুযোগ।”
