নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
নির্ধারিত সময়ের মধ্যে টাকা জমা দিতে না পারায় বিপিএলের অষ্টম আসর থেকে বাদ পড়েছে ঢাকার ফ্র্যাঞ্চাইজি হয়ে আসা রুপা ও মার্ন গ্রুপ। বিসিবি নিজেই এখন ঢাকার দলটি পরিচালনা করবে। রূপা ও মার্ন গ্রুপ সময় চাইলেও তাতে মন গলেনি বিসিবির।
এবার কেন এত কঠোর অবস্থান, সেই প্রশ্নের উত্তর দিয়েছেন বিসিবি পরিচালক ও বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার চৌধুরী মল্লিক। তিনি জানান, নানা সীমাবদ্ধতায় আয়োজিত এবারের বিপিএলে নিয়মনীতির সাথে আপোষ করা হবে না।
মল্লিক বলেন,”যখন আমরা বিপিএলের টেন্ডারে যাই তখন প্রায় ১০-১২ টি দল আগ্রহ প্রকাশ করে। পুরো প্রক্রিয়া শেষ করে আমরা ৮ জন মালিককে নির্বাচন করি। তার থেকে আমরা শর্ট লিস্ট করে ৬টা দিই। ৫ জন নির্ধারিত সময়ে টাকা জমা দিয়েছে, একজন ডেড লাইনের মধ্যে টাকা জমা দিতে পারেনি। ২৬ তারিখ রাতে আরেকজন, যিনি আগে নিতে চেয়েছিল।’’
মল্লিক আরও জানান, ফ্র্যাঞ্চাইজিদের নিয়মনীতি না মানার প্রবণতাকে এবার কোনোক্রমেই প্রশ্রয় দেওয়া হবে না। তিনি বলেন,’‘আপনারা তো বিসিবির সাথে অনেকদিন ধরে কাজ করেন। জানেন, এখানকার ফ্র্যাঞ্চাইজিগুলো যে সব নিয়ম-কানুন মানতে চায়- তা কিন্তু না। আর্থিক দিক আমলে নিলে এবার বিপিএল ছোট পরিসরে হচ্ছে। তার মধ্যে আমাদের যে আর্থিক নিয়ম-কানুন গুলো ছিল বা অন্য যেসব নিয়ম আছে সেগুলো আমরা কঠোরভাবে অনুসরণ করতে চাই।”
