নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
টি-টোয়েন্টি ক্রিকেটে আজ অবধি কখনোই ভালো মানের পাওয়ার হিটার দেখা যায়নি বাংলাদেশের ক্রিকেটে। শেষবারসহ টি-টোয়েন্টি বিশ্বকাপসহ কোনো বড় ইভেন্টে বলার মতো অর্জন নেই বাংলাদেশের। প্রায় ১১ বছর পর বাংলাদেশের ব্যাটারদের দায়িত্ব নিয়ে সিডন্স জানালেন, এদেশেও পাওয়ার হিটার তৈরি করা সম্ভব।
২০০৭ থেকে ২০১১ সাল পর্যন্ত বাংলাদেশ দলের প্রধান কোচ ছিলেন জেমি সিডন্স। সেই সময়ে সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিমদের দীক্ষা দিয়েছিলেন তিনি। টাইগারদের পারফরম্যান্সও উঠতি ছিল তখন। কোচ হিসেবে দারুণ সুনাম অর্জন করেছিলেন সিডন্স।
ক্রীড়া বিশ্লেষকসহ সংশ্লিষ্টদের চোখে পড়ে পাওয়ার হিটারের অভাব। এই অভাব দূর করতে চান সিডন্স। বাংলাদেশেও পাওয়ার হিটার তৈরি করা সম্ভব বলে মনে করছেন এই অস্ট্রেলিয়ান কোচ।
প্রথম আলোকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন,”টি–টোয়েন্টি শক্তির খেলা। দেশের বাইরে যদি আমরা ভালো দলগুলোকে চোখ রাঙাতে চাই, আমাদের তাহলে কিছু শক্তিশালী ব্যাটসম্যান প্রয়োজন হবে। আমরা দেখছি, ঘরের মাঠে বাংলাদেশ কম স্কোর রেখে ম্যাচ জিততে পারছে, কিন্তু দেশের বাইরে গিয়ে কাজটা কঠিন হবে। আমার ইচ্ছা প্রধান কোচের সঙ্গে পরামর্শ করে ফিটনেস ট্রেনারের সহায়তায় পাওয়ার হিটিং নিয়ে কাজ করার। বাংলাদেশেও পাওয়ার হিটার তৈরি করা সম্ভব। এখন তো বাউন্ডারিই টি–টোয়েন্টি ম্যাচ জেতায়, জোরে মারতে পারাটা গুরুত্বপূর্ণ।”
