বিসিবির স্ট্যান্ডিং কমিটির প্রধানদের নাম ঘোষণা

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন পরিচালনা পর্ষদের স্ট্যান্ডিং কমিটি প্রধানদের নাম ঘোষণা করেছে বোর্ড। আজ শুক্রবার (২৪ ডিসেম্বর) বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন নতুন পর্ষদের সব বিভাগের চেয়ারম্যানদের নাম ঘোষণা করেন।

এদিকে আকরাম খান আগ্রহ না দেখানোয় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিভাগ ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান করা হয়েছে জালাল ইউনুসকে। এই বিভাগের ভাইস চেয়ারম্যান হিসেবে বহাল থাকছেন খালেদ মাহমুদ সজন। আকরামকে ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট বিভাগের পাশাপাশি ফিজিক্যালি চ্যালেঞ্জড বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে।

এছাড়া মিডিয়া কমিটির চেয়ারম্যান হিসেবে কাজ করবেন তানভীর আহমেদ টিটো। ভাইস চেয়ারম্যান হিসেবে আছেন জালাল ইউনুস। গেম ডেভেলপমেন্ট বিভাগে যথারীতি সুজনই থাকছেন চেয়ারম্যান। ভাইস চেয়ারম্যানের দায়িত্বে থাকবেন ফাহিম সিনহা।

হাই পারফরম্যান্স ইউনিটে নাঈমুর রহমান দুর্জয় চেয়ারম্যান পদে থাকছেন। ভাইস চেয়ারম্যান পদে কাজ করবেন আকরাম খান। টুর্নামেন্ট কমিটিতে আহমেদ সাজ্জাদুল আলম ববি চেয়ারম্যান এবং সুজন ভাইস চেয়ারম্যান হিসেবে কাজ করবেন।

গ্রাউন্ডস কমিটিতে যথারীতি মাহবুব আনাম চেয়ারম্যান হিসেবে থাকছেন। ছায়া দলের দায়িত্বে থাকবেন সিসিডিএমের সাবেক চেয়ারম্যান কাজী এনাম আহমেদ। এবার সিসিডিএমের চেয়ারম্যান হয়েছেন সালাউদ্দিন চৌধুরী।

বয়সভিত্তিক টুর্নামেন্ট বিভাগের চেয়ারম্যান করা হয়েছে ওবায়েদউল্লাহ ও টিটো। ইফতেখার রহমান মিঠুন সামলাবেন আম্পায়ার্স কমিটি। এছাড়া মার্কেটিং অ্যান্ড কমার্শিয়াল বিভাগের চেয়ারম্যান হিসেবে শেখ সোহেলকে রাখা হয়েছে, যিনি একইসাথে বিপিএল গভর্নিং কাউন্সিলের প্রধান হিসেবে দায়িত্ব পালন চালিয়ে যাবেন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »