নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
করোনার নতুন ধরন ওমিক্রনে আক্রান্ত দুই নারী ক্রিকেটার পুরোপুরি সুস্থ আছেন বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র ও লাইন ডিরেক্টর (রোগ নিয়ন্ত্রণ) অধ্যাপক ডা. মোহাম্মদ নাজমুল হোসাইন। তিনি বলেন, আক্রান্তদের কোয়ারেন্টাইনও শেষ পর্যায়ে। পরীক্ষায় নেগেটিভ ফল পেলেই তাদের বাসায় ফিরে যাওয়ার অনুমতি দিতে পারবো।
দেশে করোনার সংক্রমণের সাম্প্রতিক গতি–প্রকৃতি তুলে ধরে অধ্যাপক নাজমুল বলেন, ‘সংক্রমণের নিম্নহারই আমরা দেখছি। গত এক সপ্তাহে ১ হাজার ৮৭৬ জন আক্রান্ত হয়েছেন, যা আগের সাত দিনের তুলনায় ১২৬ জন বেশি। গত সপ্তাহে তার আগের সপ্তাহের তুলনায় মৃত্যুর সংখ্যা দুটি কম। অর্থাৎ পুরো সপ্তাহ ছিল স্বস্তির। কিন্তু এই কম সংখ্যায় আত্মতুষ্টির সুযোগ নেই।’
উল্লেখ্য, গত ১ ডিসেম্বর জিম্বাবুয়ে থেকে দুবাই হয়ে দেশে ফেরে নারী ক্রিকেট দল। দেশে ফিরে হোটেল সোনাগাঁওতে ৫ দিনের কোয়ারেন্টিনে প্রবেশ করেন তারা। প্রথম দফার কোভিড পরীক্ষায় কেউ পজিটিভ আসেননি। তবে দ্বিতীয় দফার পরীক্ষায় দুজনের কোভিড পজিটিভ আসে। ৬ তারিখে করোনা পজিটিভ হওয়ার পর পাঁচদিন পর জানা যায় তা ওমিক্রন।
