পাকিস্তান সরকার ও পিসিবির সমালোচনায় মিয়াঁদাদ

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

পাকিস্তান সরকার ও দেশটির ক্রিকেট বোর্ডের (পিসিবি) কড়া সমালোচনা করেছেন সাবেক তারকা ক্রিকেটার জাভেদ মিঁয়াদাদ। এশিয়ার বাইরে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের মাটিতে উইকেটের সুবিধা নিতে করাচি ও লাহোরে ড্রপ-ইন পিচ বসানোর সিদ্ধান্ত নিয়েছে পিসিবি। এজন্য প্রায় ৩৭ কোটি রুপি খরচ হচ্ছে বলে এরই মধ্যে জানিয়েছেন পিসিবির চেয়ারম্যান রমিজ রাজা।

পিসিবির এমন সিদ্ধান্তের প্রশংসা করেছে পাকিস্তানের ক্রিকেট মহল। কিন্তু ড্রপ-ইন পিচ বসানোর বিরোধিতা করলেন মিঁয়াদাদ।

৩৭ কোটি রুপি খরচ করে এমন পিচ বসানোর কোনো যুক্তিই খুঁজে পাচ্ছেন না মিয়াঁদাদ। পাকিস্তানের সংবাদ মাধ্যমকে মিঁয়াদাদ বলেন, ‘পাকিস্তানে ড্রপ-ইন পিচের কোনো প্রয়োজন নেই। পাকিস্তানেই সব ধরনের পিচ বানানো যায়। আমরা এসব পিচে খেলেই বিশ্বমানের খেলোয়াড় হয়েছি। খুব কম মানুষই জানে, অস্ট্রেলিয়ায় ড্রপ-ইন পিচের ধারণা সর্বপ্রথম সামনে এনেছিলেন কেরি প্যাকার। তার কুখ্যাত ওয়ার্ল্ড ক্রিকেট সিরিজের জন্য মাঠ সংকটের কারণে এই ব্যবস্থা নেওয়া হয়েছিল। কারণ তার কাছে বিশ্বে ক্রিকেট সিরিজ আয়োজনের জন্য মাঠ ছিল না।’

এরপর ইমরান খান সরকারের সমালোচনা করে মিঁয়াদাদ বলেন, ‘সরকারে যারাই আসে, বড় কাজ করার কথা বলে। কিন্তু দেশে কিছুই কাজ হচ্ছে না। সরকারের উচিত খেলাধুলায় আরও বেশি বিনিয়োগ করে যুবাদের খেলাধুলার প্রতি আকৃষ্ট করা।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »