নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
সাকিব আল হাসানকে ছেড়েছে কলকাতা, হার্দিক পাণ্ডিয়াকে মুম্বই ইন্ডিয়ান্স ছেড়ে দিয়েছে। তাদেরকে কোন টিম নিতে চলেছে? লোকেশ রাহুল পাঞ্জাব কিংস ছেড়ে নতুন কোন টিমে যাচ্ছেন? ভারতীয় তারকা পেসার মহম্মদ সামিই বা কোথায় খেলবেন? সে’সব প্রশ্নের উত্তর পেতে আরও মাস দু’য়েক অপেক্ষা করতেই হবে।
প্রথমে শোনা যাচ্ছিল, ডিসেম্বরের শেষে কিংবা জানুয়ারিতে আইপিএল নিলাম হতে পারে। কিন্তু বোর্ড সূত্রে যা জানা গেল, তাতে ডিসেম্বর শেষ কিংবা জানুয়ারি নয়, আইপিএলে নিলাম পর্ব হবে ফেব্রুয়ারিতে। তবে নিলামের নির্ঘণ্ট এখনো কিছুই ঠিক হয়নি।
যা খবর, আগামী কিছু দিনের মধ্যে দিনক্ষণ ঘোষণা হতে পারে। এবার আর কলকাতায় নিলাম যে হবে না, সেটা বলে দেয়াই যায়। বোর্ডের তরফ থেকে বলা হলো, এর আগেই কলকাতায় নিলাম-পর্ব অনুষ্ঠিত হয়েছিল, ফলে এবার অন্য কোথাও হবে। কিন্তু কোন শহরে হবে, সেটা এখন নিশ্চিত করে বলা যাচ্ছে না। কোনো কিছুই এখনো চূড়ান্ত করা যায়নি। আগামী কয়েক দিনের মধ্যেই ছবিটা পরিষ্কার হয়ে যাবে।
একইসাথে নতুন দুই ফ্রাঞ্চাইজি নিলামের আগে কোন তিনজন ক্রিকেটারকে নিচ্ছে, সেটা জানতেও অপেক্ষা করতে হবে। এবার আইপিএলে নতুন দুই ফ্রাঞ্চাইজি অন্তর্ভুক্তি ঘটেছে। যার ফলে মেগা নিলাম হচ্ছে। নিলাম পর্বের আগে দুটো নতুন টিম তিনজন করে ক্রিকেটার নেয়ার সুযোগ পাবে। সঞ্জীব গোয়েঙ্কার লখনউ আর সিভিসি ক্যাপিটাল, কোন তিনজকে ক্রিকেটারকে নেবে, সেটা নিয়েও ভালোরকম চর্চা চলছে।
বোর্ডে খবর নিয়ে জানা গেল, ওই দুই ফ্রাঞ্চাইজিকে কবে তিনজন ক্রিকেটারের নাম জমা দিতে হবে, সেই দিনক্ষণও চূড়ান্ত হয়নি। বলা হচ্ছে, সবকিছু চূড়ান্ত হতে আরো কিছু দিন সময় লেগে যাবে।
