ওমিক্রনে আক্রান্ত দুই নারী ক্রিকেটার নাহিদা ও রুমানা

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

 

করোনা মহামারি কিছুটা স্বাভাবিক হওয়ার পর সেই বিপর্যয় কাটতে না কাটতেই বাংলাদেশেও এবার শনাক্ত হয়েছে করোনার নতুন ধরন ওমিক্রন। প্রথমবারের মতো দুজনের শরীরে এই সংক্রমণটি ধরা পরে। দুর্ভাগ্যজনক বিষয় হলো, সংক্রমিত হওয়া দুইজনই বাংলাদেশ নারী দলের ক্রিকেটার। ওমিক্রন আক্রান্ত হয়ে কঠোর আইসোলেশনে থাকা এই দুই ক্রিকেটার হলেন অলরাউন্ডার রুমানা আহমেদ ও স্পিনার নাহিদা আক্তার।

জিম্বাবুয়েতে আকস্মিকভাবে সমাপ্ত ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্ব থেকে দেশে ফিরে কোয়ারেন্টিন শুরু করেছিল নারী দল। সেখানে করোনা পরীক্ষায় রুমানা ও নাহিদার দেহে মিলে করোনা উপস্থিতি। আরও পরীক্ষানিরীক্ষা শেষে শনিবার (১১ ডিসেম্বর) জানা যায়, তারা যে ভাইরাস বহন করছেন তা করোনার নতুন ধরন ওমিক্রন।

বর্তমানে দুই ক্রিকেটার আইসোলেশনে রয়েছেন, গোটা দল আছে কোয়ারেন্টিনে। যদিও তাদের কাছ থেকে করোনার নতুন এই ধরন ছড়িয়ে পড়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

তিনি বলেন, ‘আইসোলেশন শতভাগ মানা হচ্ছে। এটা করোনা হলেও যা না হলেও তা। জৈব সুরক্ষা বলয়ে তো এটা মানতেই হবে। প্রথম থেকেই তারা আলাদা একটি কোভিড ডেডিকেটেড ফ্লোরে আইসোলেশনে ছিল। সেজন্য অন্য কেউ আক্রান্ত হয়নি। ওরা এক রুম থেকে অন্য রুমেও যেতে পারেনি। যে প্রটোকল ছিল সেটাই অনুসরণ করা হয়েছে।’

বোর্ড সভাপতি জানান, দুই ক্রিকেটারই শারীরিকভাবে স্থিতিশীল রয়েছেন, এমনকি তাদের উপসর্গও মৃদু। পাপন বলেন, ‘পুরো দল একসাথেই ছিল। অন্যরা সবাই নেগেটিভই আছে। যাদের হয়েছে তাদের একেবারেই উপসর্গ নেই। আমি ব্যক্তিগতভাবে ওদের সাথে কথা বলেছি। জ্বর, শরীর ব্যথা কিছুই নেই। বুঝতেই পারেনি এখনও ওদের যে করোনা হয়েছে। সেদিক দিয়ে বলব এটা একটা বিরাট সুখবর।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »