সভাপতির কাছে তিন মাস সময় চেয়েছেন নান্নু-ডমিঙ্গো

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

 

বাংলাদেশ জাতীয় ক্রিকেটদলের একেরপর এক ব্যর্থতার কারনে সমালোচনার তুঙ্গে আছেন টিম ম্যানেজমেন্ট। এই চক্রে পরিবর্তন আনার সিদ্ধান্ত আসছে। তবে পরীক্ষানিরীক্ষার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে ৩ মাস সময় চেয়েছে টিম ম্যানেজমেন্ট। দলের ভবিষ্যতের কথা মাথায় রেখে রাসেল ডমিঙ্গো, মিনহাজুল আবেদিন নান্নুদের এই চাওয়া মঞ্জুর করেছেন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন।

একাধিক সিনিয়র ক্রিকেটারের অনুপস্থিতি আর ফর্মহীনতার কারণে একেরপর ব্যর্থ। এই দুঃসময়ে দল ও টিম ম্যানেজমেন্ট নিয়ে অনেক কথা উঠছে। প্রশ্ন উঠছে দলের দায়িত্বশীল ও নীতিনির্ধারকদের ভূমিকা নিয়েও।

একের পর এক নতুন খেলোয়াড়কে দলে ডাকা হচ্ছে। তাদের কেউ সুযোগ পাচ্ছেন, আবার কেউ পাচ্ছেন না। চাপের মুখে ভালোও করতে পারছেন না বেশিরভাগ ক্রিকেটার। তবে ভবিষ্যতের স্বার্থে দলের এই পরীক্ষানিরীক্ষার প্রবণতা মেনে নিয়েছেন পাপন। তিনি বলেন, ‘এখন একটা রূপান্তর ধাপ যাচ্ছে। ওরা অনেক পরীক্ষানিরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছে। করোনার আগমুহূর্তে বলেছিলাম, আগামী একটা বছর খুব খারাপ যাবে। কেন? কারণ আগে আমরা দেশে খেলতাম এখন বাইরে যাব। আগে যাদের সাথে খুব কম খেলা হত এখন ওদের সাথে খেলা। কঠিন কঠিন প্রতিপক্ষ। অভিজ্ঞ হওয়ার জন্য তো একটা সময় দিবেন।’

পাপন আরও বলেন, ‘টিম সেটআপের জন্য তো একটা সময় দিবেন। নিউজিল্যান্ডে কাকে নামাবে আমি জানি না। আরও অনেক পরিবর্তন আনতে পারে। ওরা ৩ মাস সময় চেয়েছে, এই সময়ে ওদের বিরক্ত করতে চাই না। ওরা যদি পরীক্ষানিরীক্ষা করতে চায়… এতদিন তো সময় দেইনি। একটু সময় পাবে না?’

বিসিবি সভাপতির আশা, টিম ম্যানেজমেন্ট দলে যেসব পরীক্ষানিরীক্ষা করছে তা ভালোর জন্যই। তিনি আরও বলেন, ‘আমাদের তো ভবিষ্যতের জন্য লং টার্ম পরিকল্পনা করতে হবে। কেউ যদি তিন মাস সময় চায় আমি না করতে পারি?’

তবে এই তিন মাস সময়কাল কবে থেকে শুরু হবে কিংবা হয়েছে, তা জানাননি বিসিবি সভাপতি। তবে টিম ম্যানেজমেন্টকে সময় দেওয়ার অনুরোধ দেশের ক্রিকেটের অভিভাবকের কণ্ঠে। পাপনের ভাষায়, ‘তাদের চেষ্টা করতে দিন।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »