টি-টোয়েন্টিতে অনেক পথ পাড়ি দেওয়ার বাকিঃ রিয়াদ

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

টি-টোয়েন্টিতে বাংলাদেশকে এখনও অনেক পথ পাড়ি দিতে হবে বলে মনে করেন জাতীয় দলের টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। একইসাথে টি-টোয়েন্টি ফরম্যাটকে এ মুহূর্তে সবচেয়ে কঠিন ফরম্যাট বলেও মনে করেছেন তিনি।

রিয়াদ মানছেন, টি-টোয়েন্টিতে বাংলাদেশ এখনও কাঙ্ক্ষিত ছন্দ খুঁজে বেড়াচ্ছে। আজ শুক্রবার (১০ ডিসেম্বর) গণমাধ্যমের সাথে আলাপকালে এসব কথা তুলে ধরেন।

তিনি বলেন,’‘টি-টোয়েন্টিতে এখনও আমরা ছন্দ খুঁজে পাইনি। অনেক পথ পাড়ি দেওয়ার বাকি আছে। আমার কাছে মনে হয় এই মুহূর্তে টি-টোয়েন্টিই সবচেয়ে কঠিন। আস্কিং রেট হাই থাকে, চাপ থাকে অনেক, প্রত্যাশাও থাকে।’’

রিয়াদ অবশ্য সব নেতিবাচক বিষয় একপাশে রেখে ইতিবাচক দিকে নজর রাখতে চান। একইসাথে তার প্রত্যাশা, সর্বশেষ ১০ আন্তর্জাতিক ম্যাচে হারা টাইগাররা শীঘ্রই ঘুরে দাঁড়াবে, পেছনে ফেলবে দুঃসময়কে।

তিনি বলেন,’‘আমি সবসময় ইতিবাচক দিক নিয়ে চিন্তা করতে পছন্দ করি। বিশ্বকাপ ও পাকিস্তান সিরিজে আমরা হয়ত ভালো ক্রিকেট খেলতে পারিনি। কিন্তু পুরো বছরটা যদি দেখেন, আমরা ভালো খেলেছি। হোম কন্ডিশনে শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতেছি। ইতিবাচক দিক আছে। এখন হয়ত খারাপ সময়ের মধ্যে যাচ্ছি। তবে দলের ওপর আমি সবসময় বিশ্বাস করি এবং দলের সাথেই আছি। আগেও আমরা এমন পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়াতে পেরেছি, এবারও পারব ইনশাআল্লাহ্।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »