নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান রমিজ রাজা মনে করেন, ভিন্ন পিচ বানিয়েই টাইগাররা দেশের মাটিতে বড় দলের বিপক্ষে সাফল্য অর্জন করে। বাংলাদেশে পাকিস্তানের সাম্প্রতিক সাফল্যে তাই বেশ উচ্ছ্বাস ধরা পড়েছে তার কণ্ঠে।
পাকিস্তান দারুণ প্রতিদ্বন্দ্বিতার ছাপ রেখে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশকে। এরপর দাপটের সাথে জিতেছে টেস্ট সিরিজের দুটি ম্যাচও।
রমিজ মনে করেন, বাংলাদেশ সফরকারী দলগুলোর জন্য কঠিন এক জায়গা। তিনি বলেন,’‘পাকিস্তানকে অভিনন্দন, পুরো সিরিজে তারা দুর্দান্ত খেলেছে। বাংলাদেশ কঠিন এক জায়গা। তারা এমন পিচ বানায় যা বড় দলের সাথে পার্থক্য দূর করে দেয় এবং বড় দলকে হারিয়ে দেয়। তাদের স্পিন বিভাগ বেশ ভালো। এমন উইকেটে তারা নিয়মিত খেলে। কিন্তু বিশ্বকাপ থেকে পাকিস্তানের যে তীক্ষ্ণ মনোযোগ আমরা দেখেছি তা নড়েনি।’’
দ্বিতীয় টেস্টে হার না মানা মানসিকতায় শেষমুহুর্তে ইনিংস ব্যবধানে জয় তুলে নেওয়ায় বাবর আজমের দলকে প্রশংসায় ভাসিয়েছেন তিনি।
রমিজ বলেন,’‘টি-টোয়েন্টির পর টেস্টেও পাকিস্তান খুব দ্রুত মানিয়ে নিয়েছে। মনোযোগ নড়েনি বলে ফলাফলও অনেক ভালো হয়েছে। সবাই পাকিস্তানের জন্য একাগ্রচিত্তে খেলছে এবং ড্রেসিংরুমের পরিবেশ ভালো আছে, শেষ টেস্ট এর বড় উদাহরণ।”
