নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
গেল পরশু তারকা ক্রিকেটার বিরাট কোহলিকে ওয়ানডের নেতৃত্ব থেকে সরিয়ে দিয়েছে বিসিসিআই। কোহলির থেকে দায়িত্ব নিয়ে দেওয়া হয়েছে টি-টোয়েন্টি অধিনায়ক রোহিত শর্মার হাতে। কেন বোর্ডের এমন সিদ্ধান্ত, তা জানিয়েছেন বিসিসিআইয়ের সভাপতি ও সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি।
সৌরভ জানিয়েছেন, নির্বাচক প্যানেল ও বোর্ড যৌথভাবে নিয়েছে কোহলিকে সরিয়ে রোহিতকে ওয়ানডের নেতৃত্ব দেওয়ার সিদ্ধান্ত।
সৌরভ বলেন,’‘বিসিসিআই এবং নির্বাচকরা মিলিতভাবে এই সিদ্ধান্ত নিয়েছেন। আসলে টি-টোয়েন্টি অধিনায়কত্ব না ছাড়ার জন্য কোহলিকে অনুরোধ করেছিল বিসিসিআই। কিন্তু সে এতে রাজি হয়নি। সেই পরিস্থিতিতে সাদা বলের দুই ফরম্যাটে দুইজন ভিন্ন অধিনায়ক রাখাটা ঠিক হবে বলে মনে করেননি নির্বাচকরা।’’
কোহলির টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়ার সিদ্ধান্তই তার ওয়ানডের নেতৃত্ব কেড়ে নিয়েছে। বোর্ড ও নির্বাচকরা কোহলিকে শুধু টেস্টের নেতৃত্বে রাখতে চান।
সৌরভ বলেন,”তাই সিদ্ধান্ত নেওয়া হয় টেস্ট দলের অধিনায়ক থাকবে কোহলি, সাদা বলের ক্রিকেটে ভারতের অধিনায়কত্ব করবে রোহিত। বিসিসিআইয়ের সভাপতি হিসেবে আমি নিজে কোহলির সাথে কথা বলেছি। প্রধান নির্বাচকও তার সাথে কথা বলেছেন।’’
কোহলিকে ধন্যবাদ জানানোর পাশাপাশি রোহিতের ওপর বোর্ডের আস্থা প্রকাশ করেছেন সৌরভ।
তিনি বলেন,”সাদা বলের ক্রিকেটে অধিনায়ক হিসেবে অবদানের জন্য কোহলিকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। রোহিতের নেতৃত্ব প্রদানের ক্ষমতার ওপর আমাদের পূর্ণ আস্থা আছে। কোহলি টেস্ট দলের অধিনায়ক হিসেবে কাজ চালিয়ে যাবেন। বিসিসিআই আত্মবিশ্বাসী- ভারতীয় ক্রিকেট ভালো হাতেই আছে।”
