নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং পাকিস্তান সিরিজ ব্যর্থতার জন্য বরাবরই সমালোচনার শিকার হচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। ঘরের মাঠে পাকিস্তানের সাথে হোয়াইটওয়াশ হয় যেন সমালোচনার ঝড় হচ্ছে বাংলাদেশ ক্রিকেট টিমের উপর দিয়ে। তবে এসব নিয়ে চিন্তা ভাবনা করতে চাচ্ছেন না বাংলাদেশ দলের অধিনায়ক মমিনুল হক।
নিকট অতীতে টেস্ট ক্রিকেটেও স্মরণীয় কিছু নেই বাংলাদেশের। চারদিকে কেবল পরাজয়ের হতাশা আর গ্লানি। এমন সময়ে দলের মনোবল ধরে রাখাই চ্যালেঞ্জ মুমিনুলের জন্য। সতীর্থদের আপাতত সমালোচনায় কান না দেয়ার পরামর্শ দিয়েছেন তিনি।
চট্টগ্রাম টেস্টের আগে বলেন, ‘দেখেন বাংলাদেশ দল কিন্তু এমন না। এরকম আরও হয়েছে। আমরা সেখান থেকে বের হয়েছি। মানসিকভাবে সবাই এই সময়ে খুব দুর্বল হয়ে পড়ে। কেননা আমরা বাইরের কথা অনেক বেশি নিয়ে নিই। আমি চেষ্টা করি বাইরের কথায় কান না দিয়ে নিজের কাজে ফোকাস করা।’
তিনি আরও বলেন, ‘নিজেদের ব্যাক করার জন্য নিজেদের নিয়েই কাজ করা উচিত। এখন সবাই নিজের কাজের ওপর ফোকাস করছে। বাইরের মানুষের মুখ আপনি বন্ধ করতে পারবেন না। আমার মনে হয় আপনার নিজের কানটা বন্ধ করতে হবে।’
