রাহুলের চোটে ভারতের টেস্ট দলে সূর্যকুমার

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

নিউ জিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে লোকেশ রাহুলকে পাচ্ছে না ভারত। চোটের কারণে ছিটকে গেছেন এই টপ অর্ডার ব্যাটসম্যান। তার জায়গায় দলে ডাক পেয়েছেন সূর্যকুমার যাদব।

ভারতীয় ক্রিকেট বোর্ড-বিসিসিআই মঙ্গলবার এক বিবৃতিতে বিষয়টি জানায়। দুই বছর বিরতির পর চলতি বছর ইংল্যান্ড সফর দিয়ে ভারতের টেস্ট দলে ফেরেন রাহুল। চার টেস্টে ৩৯.৩৭ গড়ে একটি করে সেঞ্চুরি ও ফিফটিতে করেন ৩১৫ রান। সব ঠিক থাকলে নিউ জিল্যান্ড সিরিজেও লাল বলের ক্রিকেটে তার একাদশে থাকা ছিল প্রায় নিশ্চিত।

কিউইদের বিপক্ষে সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি সিরিজের দলেও ছিলেন রাহুল। প্রথম দুই ম্যাচে যথাক্রমে ১৫ ও ৬৫ রান করার পর শেষ ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছিল তাকে। সিরিজটি ৩-০ গোলে জেতে স্বাগতিকরা।

বাম ঊরুর পেশির চোটে ভুগছেন রাহুল। ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকা সফর সামনে রেখে বেঙ্গালুরুতে ভারতের জাতীয় ক্রিকেট একাডেমিতে পুনর্বাসন চালিয়ে যাবেন তিনি।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »