টিম ম্যানেজমেন্টেও পরিবর্তন দরকারঃ লিপু

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

টি ২০ বিশ্বকাপে ভরাডুবির পর পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি ২০ সিরিজেও ধবলধোলাই হয়েছেন মাহমুদউল্লাহরা। বাংলাদেশ দলের হতশ্রী পারফরম্যান্স নিয়ে সমালোচনা হচ্ছে সর্বত্র। অনেকে প্রশ্ন তুলছেন দলের সামর্থ্য নিয়ে। কেউ দোষ দিচ্ছেন টিম ম্যানেজমেন্টকে।

পাকিস্তানের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদি মন্থর উইকেটে খেলে বাংলাদেশের বিশ্বকাপের প্রস্তুতি নেওয়া নিয়েও সমালোচনা করেছেন। আরেক সাবেক পাকিস্তানি ইনজামাম-উল-হক জানিয়েছেন, বাংলাদেশে নতুন ক্রিকেটার উঠে আসছে না। মাশরাফি মুর্তজাসহ অনেকেই প্রশ্ন তুলছেন প্রক্রিয়া নিয়ে।

সাবেক অধিনায়ক গাজী আশরাফ হোসেন লিপু মনে করছেন, টিম ম্যানেজমেন্ট ও নির্বাচক প্যানেলে পরিবর্তন দরকার। পাকিস্তানের বিপক্ষে টি ২০ সিরিজে একঝাঁক নতুন মুখ নিয়ে সামনে এগোনোর পরিকল্পনা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বাজে পারফরম্যান্স ও ইনজুরির কারণে অনেক নিয়মিত ক্রিকেটার পাকিস্তানের বিপক্ষে সুযোগ পাননি। আগামী বছর টি ২০ বিশ্বকাপের কথা মাথায় রেখে এখন থেকেই নতুন ক্রিকেটার খুঁজে পাওয়ার চেষ্টা করছে বিসিবি। পাকিস্তানের বিপক্ষে প্রাপ্তি ও পরবর্তী পরিকল্পনা নিয়ে গাজী আশরাফ হোসেন বলেন, ‘এই সিরিজে কিছু দেখার ছিল। পরীক্ষা-নিরীক্ষা করেছে বিসিবি। কিছু খেলোয়াড়কে দিয়ে চেষ্টা করেছে। নির্বাচক প্যানেলেও পরিবর্তন আসবে হয়তো। এখানে পরিবর্তন দরকার। অনেকদিন ধরেই এই কমিটি রয়েছে। আগামী ১০ বছরের পরিকল্পনা করতে হলে সেভাবেই নতুন করে সব সাজাতে হবে।’ তিনি বলেন, ‘অবশ্যই যারা আসবে তাদের নিচের স্তর থেকে সব ক্রিকেটারকে চেনা লাগবে। যারা এসবের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের আসতে হবে। ভালো ক্রিকেটার তুলে আনতে হলে আগে দেখতে হবে ঘরোয়া ক্রিকেটে কারা ভালো করছে, হাতে কেমন ক্রিকেটার আছে, সম্ভাব্য কত খেলোয়াড় আছে-এগুলো নিয়ে ভাবতে হবে। সেভাবেই বিশ্লেষণ করতে হবে।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »