নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
গত শনিবার (২০ নভেম্বর) মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হয় বাংলাদেশ ও পাকিস্তান। ম্যাচের দ্বিতীয় ইনিংসে অর্থাৎ পাকিস্তানের ইনিংস চলাকালে মোহাম্মদ রাসেল নামের এক সমর্থক গ্যালারির সীমানা টপকে মাঠে প্রবেশ করেন।
মাঠে ঢুকেই তিনি ছুটে যান বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানের দিকে।নিরাপত্তাকর্মীরা তাকে মাঠ থেকে বের করার আগে মুস্তাফিজের পায়ে চুমু খান ঐ ভক্ত।
এরপর তাকে আটক করে মিরপুর থানায় নিয়ে যাওয়া হয়,নেওয়া হয় আইনানুগ ব্যবস্থা। মামলার পর রাসেলের রিমান্ডও চাওয়া হয়েছিল। তবে আদালত রিমান্ড নামঞ্জুর করে এক মাসের সাজা দিয়ে কেন্দ্রীয় কারাগরে প্রেরণ করেছেন তাকে।
রাসেলের এই ঘটনায় বিব্রতকর অবস্থায় পড়তে হয় বাংলাদেশের ক্রিকেট অঙ্গনকে। করোনার কারণে ক্রিকেটাররা জৈব সুরক্ষা বলয়ে থেকে খেলছেন। এই সিরিজ দিয়ে মাঠে ফেরানো হয়েছে দর্শক। ভক্তের মাঠে ঢুকে পড়ার ঘটনায় জৈব সুরক্ষা বলয় ও নিরাপত্তাব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছিল। যদিও কোনো বিপত্তি ছাড়াই এই পরিস্থিতি সামাল দিয়েছে বিসিবি।
